পোলিং এজেন্টদের বাধা, কাগজপত্র ছেঁড়া ও ভয় দেখানোর অভিযোগ! নির্বাচন কমিশন ঘেরাও করে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ২৭ নভেম্বর  : ভোটগ্রহণ চলাকালীন পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা প্রদান, এজেন্টদের প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আগরতলার রাজনৈতিক পরিস্থিতি। তিনটি ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা এদিন রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। শাসকদলের আশ্রিত মাস্ক বাহিনীর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলে ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস প্রার্থীরা। ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ অনুযায়ী, আগরতলা পুর নিগমের ১০, ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করা হয়। শুধু প্রবেশে বাধা দেওয়াই নয়, তাঁদের কাছে থাকা পোলিং এজেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলা, শারীরিকভাবে হেনস্তা করা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীরা।

আগরতলা পুর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সঞ্জীব দেব অভিযোগ করেন, তাঁর পোলিং এজেন্টদের চন্দ্রপুর জেবি স্কুল, হেনরি ডিরোজিও স্কুল এবং ইন্দ্রনগর স্কুলের ভোটকেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। পোলিং এজেন্টদের প্রয়োজনীয় কাগজপত্র ছিঁড়ে ফেলা হয় এবং তাঁদের নানাভাবে ভয় দেখানো হয় বলেও অভিযোগ তাঁর। সঞ্জীব দেবের দাবি, প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ভোর থেকেই ৫০ জনেরও বেশি মুখোশধারী লোকজন জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। ভোটের কাজে নিযুক্ত পোলিং এজেন্টদের স্বাভাবিক দায়িত্ব পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যেই এই ধরনের তৎপরতা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, আগরতলা পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পান্না দেবও একই ধরনের অভিযোগ তুলে সরব হন। নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভে শামিল হয়ে তিনি জানান, এর আগে তিনি ওই এলাকার বিরোধী দলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু অতীতে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বলে দাবি তাঁর। পান্না দেবের অভিযোগ, তাঁর ওয়ার্ডের বিভিন্ন ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। তাঁদের গলা ধরে কুকুরের মতো ঠেলে, টানাহেঁচড়া করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি ভোটকেন্দ্রের সামনেই বহিরাগত মুখোশধারীদের জটলা ছিল। ওই ব্যক্তিরা পোলিং এজেন্টদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল বলেও অভিযোগ করেন তিনি।

একই সুর শোনা যায় আগরতলা পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পিয়াসী ঘোষের বক্তব্যেও। তাঁর অভিযোগ, নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে তাঁর দলের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পোলিং এজেন্টদের প্রয়োজনীয় নথিপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি তাঁকেও ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পিয়াসী ঘোষ। তাঁর দাবি, পুলিশ এবং সিআরপিএফের জওয়ানরা পর্যন্ত তাঁকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছেন। নির্বাচনে প্রার্থী হওয়া সত্ত্বেও যদি নিজের ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাধার মুখে পড়তে হয়, তাহলে সাধারণ ভোটার ও বিরোধী দলের এজেন্টদের নিরাপত্তা এবং অধিকার কতটা সুরক্ষিত, সেই প্রশ্নও সামনে আসে।

এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে এদিন তিন ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীরা একজোট হয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে প্রতিবাদে সামিল হন। তাঁদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের পোলিং এজেন্ট, দলীয় কর্মী ও সমর্থকরা। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বিরোধী দলের পোলিং এজেন্টদের অবাধে কাজ করার সুযোগ দেওয়া, ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বাধা বন্ধ করা এবং অভিযোগগুলির যথাযথ তদন্তের দাবিতে তাঁরা সরব হন।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও বিএসএফ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে নির্বাচন কমিশনের কার্যালয় চত্বর কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের প্রতিবাদ এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতাকে কেন্দ্র করে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

নগর নির্বাচনে অবাধ ও নিরপেক্ষ ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখার দাবি বারবার উঠলেও ভোটের দিন পোলিং এজেন্টদের বাধা দেওয়া, তাঁদের নথিপত্র ছিঁড়ে ফেলা এবং প্রার্থীদেরই ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। যদিও কংগ্রেস প্রার্থীদের এই অভিযোগগুলির বিষয়ে নির্বাচন কমিশন বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এদিন জানা যায়নি, তবে ভোটগ্রহণের দিনেই কমিশনের কার্যালয় ঘেরাও করে বিরোধী দলের এই বিক্ষোভ নগর নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *