পুর ও নগর ভোটে ‘হার্মাদ বাহিনী’র আস্ফালন, অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপের

আগরতলা, ২৭ নভেম্বর  : পুর ও নগর নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে বুথ দখল, ছাপ্পা ভোট, বিরোধী দলের পোলিং এজেন্টদের মারধর এবং সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য সুদীপ রায় বর্মন। তাঁর অভিযোগ, নির্বাচনের নামে রাজ্যজুড়ে গণতান্ত্রিক অধিকার হরণের এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি করা হয়েছে। ভোটে ‘হার্মাদ বাহিনীর’ আস্ফালনের বিরুদ্ধে আইনই সমুচিত জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোট দিতে না দেওয়ার প্রতিবাদে নিজে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কংগ্রেস বিধায়ক।

শুক্রবার আগরতলা পুর নিগম-সহ রাজ্যের ১৬টি নগর সংস্থার নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মন শাসকদলের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আনেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বহু নির্বাচন প্রত্যক্ষ করেছেন। কিন্তু ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এমন ন্যক্কারজনক পরিস্থিতি এর আগে তিনি শোনেননি, দেখেননি। তাঁর অভিযোগ, নির্বাচনের আগের দিন বুধবার বিকেল থেকেই রাজ্যের বিভিন্ন ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় বহিরাগতদের জড়ো করা হয়। এরপর চিহ্নিত বাড়িগুলিতে গিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার কাজ শুরু হয়।

নিজের নির্বাচনী কেন্দ্রের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডে ভোটগ্রহণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছিল বলে তাঁর অভিযোগ। শুক্রবার সকাল পাঁচটা থেকেই কংগ্রেসের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী এজেন্টরা ভোটকেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে বিজেপির বহিরাগতরা জমায়েত হয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখে। এমনকি সাহস করে যে কয়েকজন পোলিং এজেন্ট ভোটকেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করেন, তাঁদের মারধর করা হয় এবং সঙ্গে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়।

সুদীপ রায় বর্মনের আরও অভিযোগ, শুধু বিরোধী দলের নির্বাচনী প্রতিনিধিরাই নন, সাধারণ ভোটারদেরও রেহাই দেওয়া হয়নি। বিশেষ করে বয়স্ক নাগরিকরা যখন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন, তখন তাঁদেরও বাধার মুখে পড়তে হয়েছে। ভোট দিতে যাওয়াই যেন অপরাধে পরিণত হয়েছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, মানুষ যদি নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন, তাহলে নির্বাচনের গণতান্ত্রিক তাৎপর্য কোথায়?

নির্বাচন চলাকালীন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন কংগ্রেস বিধায়ক। তাঁর অভিযোগ, গোটা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। কোথাও পুলিশের সক্রিয় উপস্থিতি কিংবা পর্যাপ্ত টহলদারি চোখে পড়েনি। এমনকি স্পর্শকাতর এলাকাগুলিতেও কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীকে যথাযথভাবে মোতায়েন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। কেন নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনীকে কার্যকরভাবে ব্যবহার করা হলো না, তা নিয়েও প্রশ্ন তোলেন সুদীপ রায় বর্মন।

তাঁর বক্তব্য, নির্বাচনে মানুষের অবাধে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশন ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে চরম ব্যর্থতার ছবি সামনে এসেছে বলে তিনি মনে করেন। সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়ার প্রতিবাদে তিনি নিজেই ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, যেখানে ভোটারদের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারই সুরক্ষিত নয়, সেখানে ভোটদানে অংশ নেওয়ার কোনও অর্থ থাকে না।

এদিকে, আগরতলা পুর নিগমের নির্বাচনে সুদীপ রায় বর্মনের নির্বাচনী এলাকার অন্তর্গত ৮, ১০ এবং ৫ নম্বর ওয়ার্ডেও ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির কংগ্রেস প্রার্থীরা। তাঁদের অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন একাধিক জায়গায় নির্বাচনী অনিয়ম সংঘটিত হয়েছে এবং বিরোধী দলের স্বাভাবিক নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীরা তাঁদের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

পুর ও নগর নির্বাচনে ভোটগ্রহণের দিনেই বুথ দখল, ছাপ্পা ভোট, পোলিং এজেন্টদের উপর হামলা এবং ভোটারদের বাধা দেওয়ার মতো অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। একদিকে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের গণতন্ত্র হত্যার অভিযোগ, অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন—সব মিলিয়ে নগর ভোটের দিনটি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সুদীপ রায় বর্মনের বক্তব্য, নির্বাচনে ক্ষমতার আস্ফালন সাময়িক হতে পারে, কিন্তু আইন ও গণতন্ত্রের কাছে শেষ পর্যন্ত জবাবদিহি করতেই হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *