জম্মু ও কাশ্মীরের রামবানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৪টি বসতবাড়ি

রামবান, ২৩ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের রামবান জেলার গানোত এলাকার থাথা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল চারটি বসতবাড়ি। রবিবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে দমকল বাহিনী, প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রামবানের জেলাশাসক মহম্মদ ইলিয়াস খান। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “রবিবার ভোররাতে আমরা গানোত এলাকায় আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে রামবান থেকে দমকল বাহিনী, কুইক রেসপন্স টিম, পুলিশ এবং অসামরিক প্রশাসনের দল ঘটনাস্থলে পাঠানো হয়। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি, তবে চারটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং আশেপাশের বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া আটকাতে আমরা সক্ষম হয়েছি। রেড ক্রসের মাধ্যমে ত্রাণসামগ্রী-সহ পরিবারগুলিকে সবরকম সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, এসডিআরএফ-এর নিয়ম অনুযায়ী তাঁরা ক্ষতিপূরণও পাবেন।”
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন স্থানীয় বিধায়ক অর্জুন সিং রাজু। তিনি বলেন, “ভোররাতে আগুন লেগে চারটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি এবং কোনো গবাদি পশুরও ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্তরা এসডিআরএফ তহবিল থেকে ১.৫ লক্ষ টাকা পাবেন। রেড ক্রসের তরফেও নগদ ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া, যাঁদের বাড়ি ধ্বংস হয়েছে, তাঁদের প্রত্যেক পরিবারকে আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১ লক্ষ টাকা করে দিচ্ছি। সব মিলিয়ে পরিবার পিছু প্রায় ৩ থেকে ৩.৫ লক্ষ টাকা সহায়তা পৌঁছবে।”
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সাহায্যের আশা প্রকাশ করে বিধায়ক আরও বলেন, “আমি আজ সকালেই মুখ্যমন্ত্রীকে বার্তা পাঠিয়ে বিষয়টি জানিয়েছি এবং আমরা আশা করছি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও কিছু আর্থিক সহায়তা পাওয়া যাবে।” পাশাপাশি, বিপদের সময় স্থানীয় মানুষের সম্প্রীতির প্রশংসা করে তিনি বলেন, “আগুন নেভানোর কাজে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এগিয়ে এসেছিলেন। এই কঠিন সময়ে যাঁরা একে অপরের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *