বিসলেরি সম্পূর্ণ নিরাপদ, বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা

নয়াদিল্লি, ২৩ নভেম্বর : ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’-এর তরফে জনপ্রিয় পানীয় জল প্রস্তুতকারক সংস্থা ‘বিসলেরি’-কে নোটিশ পাঠানোর যে খবর সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল সংস্থা। সোমবার বিসলেরির তরফে জারি করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বিষয়টি প্রায় ১৪ মাস পুরনো এবং এখনও পর্যন্ত সংস্থাটি এফএসএসএআই-এর কাছ থেকে ইমেইল বা হার্ড কপিতে কোনও নোটিশ পায়নি। পাশাপাশি, বিসলেরি পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ বলেও গ্রাহকদের আশ্বস্ত করেছে সংস্থাটি। বিবৃতিতে বিসলেরি জানিয়েছে, এই ঘটনাটি প্রায় ১৪ মাস আগের— ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সংস্থার ১৪৩টি উৎপাদন কেন্দ্রের মধ্যে অন্যতম গোয়া প্ল্যান্টে উৎপাদিত একটি ব্যাচের সঙ্গে সম্পর্কিত।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, নমুনা সংগ্রহ ও প্রাথমিক পরীক্ষা: ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর এফএসএসএআই গোয়া প্ল্যান্ট থেকে ছয়টি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় পাঁচটি নমুনা সমস্ত নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়। কেবল ষষ্ঠ নমুনাটিতে ব্রোমেটের মাত্রা প্রতি লিটারে ১০ মাইক্রোগ্রামের নির্ধারিত সীমার বিপরীতে ১২ মাইক্রোগ্রাম পাওয়া গিয়েছিল।
পুনঃপরীক্ষায় বৈপরীত্য: ২০২৫ সালের ২২ নভেম্বর বিসলেরির আবেদনের ভিত্তিতে এফএসএসএআই ওই নমুনাটি পুনঃপরীক্ষার জন্য একটি রেফারেল ল্যাবরেটরিতে পাঠায়। রেফারেল ল্যাবরেটরির পরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়, তবে সেখানে আলাদাভাবে ‘পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন’-এর উপস্থিতির কথা উল্লেখ করা হয়। দুটি পরীক্ষার ফলাফলের এই বৈপরীত্য নিয়ে স্পষ্টতার প্রয়োজন রয়েছে বলে মনে করেছিল বিসলেরি।
স্বতন্ত্র ল্যাবরেটরির রিপোর্ট: এরপর বিসলেরি এফএসএসএআই-অনুমোদিত একটি স্বতন্ত্র ল্যাবরেটরিতে ওই একই নমুনার পরীক্ষা করায়, যেখানে ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া যায়। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সেই স্বতন্ত্র পরীক্ষার ফলাফল এফএসএসএআই-এর পশ্চিম আঞ্চলিক কার্যালয়ে জমা দেওয়া হয়েছিল।
বিসলেরির দাবি, ওই রিপোর্ট জমা দেওয়ার পর এফএসএসএআই-এর পক্ষ থেকে আর কোনও যোগাযোগ করা হয়নি এবং সংস্থা বিষয়টি নিষ্পত্তি হয়ে গিয়েছে বলেই ধরে নিয়েছিল। সংস্থার বক্তব্য অনুযায়ী, “এখনও পর্যন্ত বিসলেরি ইমেইল বা হার্ড কপিতে কোনও নোটিশ পায়নি এবং এফএসএসএআই-এর ওয়েবসাইটেও আলোচিত নোটিশটি খুঁজে পাওয়া যায়নি।” পানীয় জলের গুণমান নিয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, “পানীয় জলের সুরক্ষা বিসলেরির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের ১০-ধাপের উৎপাদন প্রক্রিয়াজুড়ে ৯০টিরও বেশি পরীক্ষার মাধ্যমে কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখি এবং যথাযথ নিয়ন্ত্রক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য এফএসএসএআই-কে সহযোগিতা অব্যাহত রাখব। বছরের পর বছর ধরে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে বিসলেরি পান করার জন্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *