দিল্লি-এনসিআর বায়ুদূষণ রোধে তুরস্ক থেকে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক ভূপেন্দ্র যাদবের

নয়াদিল্লি, ২০ নভেম্বর : দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলের ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ন্ত্রণে শীতকালীন কর্মপরিকল্পনা বা ‘উইন্টার অ্যাকশন প্ল্যান’-এর বাস্তবায়ন খতিয়ে দেখতে বৃহস্পতিবার তুরস্কের আন্টালিয়া থেকে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। উল্লেখ্য, বর্তমানে তিনি আন্টালিয়ায় রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বৈঠকের সিদ্ধান্তগুলির কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “দিল্লি-এনসিআর-এ বায়ুদূষণ নিয়ন্ত্রণে শীতকালীন কর্মপরিকল্পনার বাস্তবায়ন মূল্যায়ন করতে তুরস্কের আন্টালিয়া থেকে ভার্চুয়ালি দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম এবং ফরিদাবাদের পুর সংস্থাগুলির সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছি।”
দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়ে ভূপেন্দ্র যাদব আরও জানান, “দিল্লি-এনসিআর-এর পুর সংস্থাগুলিকে বায়ুদূষণ সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ওয়ার্ড স্তরের আধিকারিকদের জবাবদিহি নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি কার্যকর করার ওপর অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
পরিবেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং, বায়ুমান ব্যবস্থাপনা কমিশনের চেয়ারপার্সন রাজেশ বর্মা, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারপার্সন আমনদীপ গর্গ এবং সংশ্লিষ্ট পুরনিগমগুলির মেয়র ও কমিশনাররা উপস্থিত ছিলেন। বৈঠকে ভূপেন্দ্র যাদব স্পষ্ট জানান, শীতের এই মরশুমে মাঠপর্যায়ে দৃশ্যমান ও ধারাবাহিক কাজ প্রয়োজন। তিনি রাস্তার ধুলো নিয়ন্ত্রণে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত, যান্ত্রিক ঝাড়ু দুই শিফটে চালানো, নির্মাণ বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রতিটি ওয়ার্ডে কুইক রেসপন্স টিম সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। তবে দূষণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে গিয়ে সাধারণ নাগরিকরা যাতে অহেতুক আতঙ্কিত না হন, সেদিকেও নজর রাখতে প্রশাসনকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *