ডিমা হাসাও পরিষদে গৃহীত ঐতিহাসিক ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি আইন, ২০২৬

হাফলং (অসম), ২০ নভেম্বর : ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের প্রশাসনিক কাঠামোয় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত হল ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি আইন, ২০২৬’। বৃহস্পতিবার হাফলংয়ে পরিষদের সদর কার্যালয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ পরিষদের নবম (২৫৪তম) অধিবেশনে এই আইন পাস হয়। পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় নজরদারি আরও সুসংহত করার ক্ষেত্রে এই আইনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পরিষদের অধ্যক্ষ মোহিত হোজাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পরিষদের নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন। অধিবেশনে পার্বত্য জেলার উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অধিবেশনের কার্যক্রম শুরুর আগে প্রয়াত লিটন চক্রবর্তী, প্রাক্তন মেম্বার অব অটোনোমাস কাউন্সিল -এর প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁর অবদান ও জনসেবার কথা স্মরণ করে সভায় উপস্থিত সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।
অধিবেশনের প্রধান আকর্ষণ ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটি আইন, ২০২৬ পাস হওয়া। পরিষদের আর্থিক কার্যক্রমের উপর নজরদারি, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার উদ্দেশ্যেই এই আইন প্রণয়ন করা হয়েছে।
এ দিনের আলোচনায় উপস্থিত সদস্যরা স্বশাসিত পরিষদের প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডিমা হাসাওয়ের সামগ্রিক উন্নয়ন এবং পাহাড়ি জেলার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার উপরও গুরুত্ব দেওয়া হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *