কলকাতা, ১৯ নভেম্বর : মামলার নামে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি জানালেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান। এই মর্মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা দলের কোষাধ্যক্ষ। তাঁর অভিযোগ, বিভিন্ন মামলা লড়ার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন কল্যাণ। সেই অর্থের বিস্তারিত হিসাব প্রকাশ্যে আনা এবং গোটা বিষয়টির তদন্ত করা প্রয়োজন।
আখরুজ্জামানের দাবি, গত ১৫ বছর তৃণমূল সরকারের আমলে হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মামলাগুলির জন্য তিনি কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এবং তার মধ্যে কতগুলি মামলায় সাফল্য এসেছে, তার হিসাব থাকা জরুরি।
নিজের লেটারহেডে লেখা চিঠিতে আখরুজ্জামান অভিযোগ করেছেন, মামলার খরচের নামে সরকারি অর্থের অপব্যবহার হয়ে থাকতে পারে। তাই কোন মামলার জন্য কত টাকা দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এই অভিযোগ ঘিরে মমতা তৃণমূল ও ঋতব্রত শিবিরের রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেল। তবে আখরুজ্জামানের চিঠি নিয়ে এখনও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিংবা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

