শুক্রবার নরসাপুর ও পুরীর মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড়, বইবে দমকা হাওয়া

বিশাখাপত্তনম, ১৯ নভেম্বর : পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নরসাপুর এবং ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে। ল্যান্ডফলের সময় এটি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার খুব কাছ দিয়ে বয়ে যাবে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বুধবার বিশাখাপত্তনম আবহাওয়া দপ্তরের অধিকর্তা পিএলএন মূর্তি এই পূর্বাভাস দিয়েছেন।
আবহাওয়া দফতরের অধিকর্তা পিএলএন মূর্তি জানান, “শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ বর্তমানে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে চলতি মাসের ২০ তারিখ দুপুর নাগাদ নরসাপুর এবং পুরীর মধ্যবর্তী উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে— যা শ্রীকাকুলাম জেলার খুব কাছ দিয়ে যাবে। উপকূলে আছড়ে পড়ার (ল্যান্ডফল) সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এখন পর্যন্ত আমাদের পূর্বাভাস অনুযায়ী, এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই উপকূল অতিক্রম করবে।”
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র ও প্রবল বর্ষণের সতর্কবার্তা জারি করে তিনি বলেন, “আগামী তিন দিন, বিশেষ করে ২১ নভেম্বর সকাল পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য কড়া পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টিপাতের সতর্কতা হিসেবে আজ এবং আগামীকাল (১৮ ও ১৯ নভেম্বর) শ্রীকাকুলাম থেকে বাপাতলা পর্যন্ত এলাকায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *