দুর্গাপুর, ১৩ নভেম্বর : মাংসের লোভে একটি অন্তঃসত্ত্বা গো-মাতাকে হত্যা এবং তার গর্ভস্থ মৃত শাবককে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের অণ্ডাল বিমাননগরী সংলগ্ন আরতি গ্রামে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি ও গো-রক্ষা বাহিনী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে, আদালত চত্বরে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’-এর মাধ্যমে অভিনব প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ আলামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন এবং শেখ লতিব। অভিযোগ, ওই চারজন মাংসের জন্য একটি গর্ভবতী গাভীকে হত্যা করে এবং গাভীটির গর্ভে থাকা মৃত শাবকটিকে পাশের যমুনা গ্রামের একটি পুকুরে ফেলে দেয়।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আরতি গ্রামের একটি চক্র আশপাশের অণ্ডাল, উখড়া, কাজোড়া এবং খান্দরা এলাকায় রাতের অন্ধকারে গরু চুরি করে আসছে। বছরখানেক আগে উখড়ার বাজার থেকে গরু চুরির দৃশ্য সিসিটিভি (সিসিটিভি) ক্যামেরায় ধরা পড়লেও এবং এই মর্মে অভিযোগ জানানো হলেও অপরাধীরা অধরাই ছিল।
সাম্প্রতিক এই ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। তদন্তে নেমে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক শেখ আলামত ও শেখ হাসিমকে ৫ দিনের পুলিশ হেফাজত এবং শেখ কলিমুদ্দিন ও শেখ লতিবকে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে, এদিন আদালত থেকে অভিযুক্তদের বের করে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উপস্থিত বিজেপির যুব কর্মীরা তাঁদের লক্ষ্য করে গঙ্গাজল ছিটিয়ে দেন। অভিযুক্তদের নিয়ে যাওয়ার পর গোটা আদালত চত্বরে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করে প্রতিবাদ জানানো হয়।
এ প্রসঙ্গে বিজেপির যুব কর্মী পারিজাত গাঙ্গুলি বলেন, “গো-মাতাকে আমরা মাতৃরূপে পূজা করি। কিন্তু এই ব্যক্তিরা এতটাই অমানবিক ও নির্দয় যে গো-মাতাকে হত্যা করে তার গর্ভস্থ শাবককে পুকুরে ফেলে দিয়েছে। যারা গো-মাতাকে হত্যা করে তারা নরাধম। আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই কারণেই গঙ্গাজল ছিটিয়ে আদালত চত্বর শুদ্ধিকরণ করা হয়েছে।”

