আগরতলা, ৪ নভেম্বর : দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুনরায় মানুষের সেবা করার সুযোগ পাওয়াকে নিজের কাছে বড় দায়িত্ব বলে উল্লেখ করলেন আগরতলা পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনিকা দাস দত্ত। দল তাঁর প্রতি আস্থা রেখে পুনরায় কাজ করার সুযোগ দিয়েছে। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই এখন তাঁর প্রধান কর্তব্য বলে জানান তিনি।
নিজের বক্তব্যে তিনি বলেন, বিগত দিনেও তিনি ওয়ার্ডের মানুষের পাশে ছিলেন। আগামী দিনেও আরও বেশি করে মানুষের পাশে থেকে কাজ করতে চান। মানুষের সমস্যা সমাধান এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান বলে জানান।
উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, মাত্র ১১ মাসের মধ্যে ৪১ নম্বর ওয়ার্ডে রাস্তা নির্মাণ ও সংস্কার, নিকাশি নালা, পানীয় জলের ব্যবস্থা এবং পথবাতি স্থাপন-সহ মোট ৫৫টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এই কাজগুলির প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী, মেয়র এবং প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ডের মানুষের ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। উন্নয়নের এই ধারাকে আগামী দিনেও অব্যাহত রাখার পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
দলের প্রতি কৃতজ্ঞতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসই তাঁর কাজের মূল প্রেরণা। সেই আস্থাকে পাথেয় করেই আগামী দিনে ওয়ার্ডের উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করে যেতে চান তিনি।

