শারদোৎসবের প্রাক্কালে দুঃস্থদের পাশে সিপিআই(এম), বস্ত্র বিতরণ পূর্ব আগরতলা অঞ্চল কমিটির

আগরতলা, ১০ অক্টোবর : শারদ উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে এবং উৎসবের মরশুমে দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল সিপিআই(এম)-র পূর্ব আগরতলা অঞ্চল কমিটি। প্রতি বছরের মতো এবারও পুজোকে সামনে রেখে বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

শারদ উৎসবের প্রাক্কালে এই উদ্যোগের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। উৎসবের আনন্দ যাতে সমাজের সমস্ত স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআই(এম) সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক সঞ্জয় দাস-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

কর্মসূচি প্রসঙ্গে সিপিআই(এম) সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী বলেন, একটি রাজনৈতিক দল কেবল লড়াই, আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচির মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে না। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত থাকা এবং প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ানোও রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ।

তিনি আরও জানান, সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবেই এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। উৎসবের সময় দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিয়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যজুড়েই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে প্রতিমা তৈরি, আলোকসজ্জা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ—সব মিলিয়ে উৎসবের আবহ ক্রমশ জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে সিপিআই(এম) পূর্ব আগরতলা অঞ্চল কমিটির বস্ত্র বিতরণ কর্মসূচি উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *