ধলাই জেলা হাসপাতালকে ভিত্তি করে মেডিক্যাল কলেজ গড়বে বন্ধন ব্যাঙ্ক, সবুজ সংকেত রাজ্য সরকারের

আগরতলা, ১০ জুলাই  : ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ হিসেবে ধলাই জেলার আমবাসায় ধলাই জেলা হাসপাতালকে ভিত্তি করে একটি ৫০ আসন বিশিষ্ট মেডিক্যাল কলেজ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বন্ধন ব্যাঙ্ক। ইতিমধ্যেই রাজ্য সরকার এই প্রস্তাবে নীতিগতভাবে সবুজ সংকেত দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। শুক্রবার আগরতলায় আমতলি এলাকায় নবনির্মিত টাইম হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী এই কথা জানান।

এদিন রাজ্যে আরও একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের পথচলার সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, টাইম হাসপাতালের আধিকারিকরা এবং স্বাস্থ্য দফতরের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে গত কয়েক বছরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একসময় ত্রিপুরায় এমবিবিএস-এর আসন সংখ্যা ছিল মাত্র ১১টি। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে এমবিবিএস আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০। একইভাবে ডেন্টাল শিক্ষার ক্ষেত্রে একসময় মাত্র একটি বিডিএস আসন থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৬৩। পাশাপাশি নার্সিং শিক্ষার ক্ষেত্রেও ৫০টি সরকারি আসন চালু হয়েছে।

তিনি জানান, মা ও শিশু হাসপাতালের উন্নয়নের জন্য ডোনার মন্ত্রণালয়ের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া গেছে এবং সেই প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে। এছাড়াও রাজ্যে একটি ডেন্টাল মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ২০০ কোটি টাকার আর্থিক সহায়তা অনুমোদিত হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর নতুন নির্দেশিকা অনুযায়ী জেলা হাসপাতালগুলিকে ভিত্তি করে মেডিক্যাল কলেজ স্থাপন করা সম্ভব। সেই নীতির আওতায় আমবাসার কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালকে কেন্দ্র করেই মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ওই হাসপাতালে কার্ডিয়াক কেয়ার সেন্টার এবং ট্রমা সেন্টার চালু রয়েছে, যা ভবিষ্যতের মেডিক্যাল কলেজের পরিকাঠামো গঠনে সহায়ক হবে।

তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে অংশগ্রহণকারী দুটি সংস্থা রাজ্যের ঊনকোটি জেলা এবং দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে আরও দুটি মেডিক্যাল কলেজ স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে। ফলে আগামী দিনে রাজ্যে চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে চিকিৎসকদের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “ঈশ্বরের পরেই মানুষের হৃদয়ে চিকিৎসকদের স্থান।” কোভিড-১৯ অতিমারি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চিকিৎসকদের আত্মনিবেদিত ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসক সমাজ তাঁদের দায়িত্ব ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের বিষয়েও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকদের কোনও আপত্তি নেই। চিকিৎসকরা সরকারের কাছে কিছু দাবি ও প্রস্তাব তুলে ধরেছেন এবং সরকার সেগুলি ইতিবাচকভাবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি আশ্বস্ত করেন।

টাইম হাসপাতালের উদ্বোধনের মাধ্যমে রাজ্যের বেসরকারি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। একইসঙ্গে আমবাসায় নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের সম্ভাবনা ধলাই জেলার পাশাপাশি গোটা উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *