জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে উদয়পুরে কংগ্রেসের বিক্ষোভ

উদয়পুর, ২৯ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও তাঁকে গ্রেফতারের দাবিতে দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার গোমতী জেলার উদয়পুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করল কংগ্রেস। কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করেন।

এদিন উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জামতলা এলাকায় পৌঁছায়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য করা যায়।

কংগ্রেসের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দল। সম্প্রতি একই দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানে জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ করা হয়।

উদয়পুরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি, জেলা যুব কংগ্রেস সভাপতি, প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম সদস্য-সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। এছাড়াও বিপুল সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক কর্মসূচিতে অংশ নেন।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের প্রতিবাদ ও আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কার্যক্রম আইনসম্মত পদ্ধতি অনুসারেই পরিচালিত হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *