উদয়পুর, ২৯ সেপ্টেম্বর : আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তি-সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে গোমতী জেলার মাতাবাড়ি ও অমরপুর ব্লকের টিটিএএডিসি এলাকার নির্দিষ্ট অংশে সাধারণ মানুষের চলাচল ও জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে আগামী ২ অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। গোমতী জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় এই নির্দেশ জারি করেছেন।
জেলাশাসকের আদেশে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অযথা বাধা সৃষ্টি করা এই আদেশের উদ্দেশ্য নয় বলেও স্পষ্ট করা হয়েছে।
আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তি এক জায়গায় সমবেত হতে পারবেন না। একইভাবে লাঠি, স্টিক, লোহার রড, বাঁশ, পাথরের টুকরো কিংবা অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে—এমন কোনও বস্তু নিয়ে জমায়েতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাইক বা অন্য কোনও স্বরবর্ধক যন্ত্র ব্যবহার করে কিংবা তা ছাড়াই সভা, মিছিল বা কোনও ধরনের জমায়েত করা যাবে না।
এছাড়া দুই বা তার বেশি মোটরবাইক অথবা গাড়ি একসঙ্গে চলাচল করাকেও বেআইনি জমায়েত হিসেবে গণ্য করা হবে বলে প্রশাসনের নির্দেশে জানানো হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনও কারণে সংগঠিতভাবে মিছিল কিংবা যানবাহন নিয়ে জমায়েতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে জরুরি ও দৈনন্দিন পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণির মানুষকে এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, সিএপিএফ, পুলিশ, সংবাদমাধ্যমের কর্মী, নির্বাচনী কাজে নিযুক্ত ব্যক্তি এবং তাঁদের গাড়ি, চালক ও সহকারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। পুলিশ, সিএপিএফ ও সশস্ত্র নিরাপত্তাকর্মীরাও তাঁদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ছাড় পাবেন।
এছাড়া দিনের বেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সংক্রান্ত কাজে প্রয়োজনীয় জমায়েত, সরকারি ও বেসরকারি অফিসের দৈনন্দিন কাজকর্মও বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। সাধারণ যাত্রীরাও, আগ্নেয়াস্ত্র বহন না করলে, চলাচল করতে পারবেন। বিয়ে, জন্মদিনের মতো সামাজিক অনুষ্ঠান এবং ধর্মীয় স্থানে উপাসনার জন্য জমায়েতের ক্ষেত্রেও ছাড় রাখা হয়েছে। বিভিন্ন বাজার ও মান্ডিতে স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য চালানোর ক্ষেত্রেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
জেলাশাসকের আদেশে আরও জানানো হয়েছে, নির্ধারিত বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে।

