এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে আইজিপি-র কাছে ডেপুটেশন

আগরতলা, ১০ সেপ্টেম্বর  : রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজ ক্যাম্পাসে এসএফআই কর্মী ও নেতৃত্বের উপর ধারাবাহিক হামলার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার আইজি (আইনশৃঙ্খলা)-র কাছে ডেপুটেশন প্রদান করল সংগঠনের একটি প্রতিনিধি দল।

এদিন প্রতিনিধি দলের পক্ষ থেকে আইজি (আইনশৃঙ্খলা)-র কাছে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসএফআই-এর রাজ্য সম্পাদক অভিযোগ করেন, গত  দু’সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজ ক্যাম্পাসে এসএফআই কর্মী এবং নেতৃত্বের উপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে। তাঁর দাবি, ছাত্র সংগঠনের কর্মীদের উপর হামলার ঘটনাগুলিতে একাধিক কর্মী আহত হয়েছেন।

এসএফআই রাজ্য সম্পাদকের অভিযোগ, রামঠাকুর কলেজ, এমবিবি কলেজ, কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়, চড়িলাম, বিলোনিয়া, ভারতচন্দ্রনগর-সহ রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পিছনে বিজেপি ও তাদের অনুগামী ছাত্র সংগঠনের কর্মীদের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এদিন জানা যায়নি।

সংগঠনের অভিযোগ, হামলার ঘটনায় আহত এসএফআই কর্মীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। কিন্তু মামলা দায়ের হওয়ার পরও এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করা হয়নি। এমনকি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্যও কাউকে ডেকে পাঠানো হয়নি বলে দাবি করেন এসএফআই রাজ্য সম্পাদক।

তাঁর বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা কোনওভাবেই কাম্য নয়। ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং প্রত্যেক পড়ুয়ার নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অথচ একের পর এক হামলার অভিযোগ ওঠার পরও অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে দাবি সংগঠনের।

এসএফআই-এর পক্ষ থেকে অবিলম্বে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কোনও ধরনের হামলা, ভয়ভীতি বা রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা না ঘটে, সেজন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

সংগঠনের বক্তব্য, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে। তাই প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে এসএফআই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *