প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের

আগরতলা, ৫ আগস্ট: প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল। ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা, শিবনগর মডার্ন ক্লাবের কর্মকর্তা, সদস্য এবং আমরা তরুণ দলের সদস্যরা। উপস্থিত সকলেই স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, শুধুমাত্র প্রতিষ্ঠা দিবস পালন নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই শিবনগর মডার্ন ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণের মতো পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করায় তিনি ক্লাব কর্তৃপক্ষ ও আমরা তরুণ দলের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, সেই গাছকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দূষণের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করতে হলে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”

পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহাও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, সামাজিক সংগঠনগুলির এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষে ক্লাব সদস্যরা ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই সবুজায়ন কর্মসূচি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *