মহাকরণে প্রয়াত প্রাক্তন ডিজিপি অনুরাগ ধ্নকরকে শেষ শ্রদ্ধা

আগরতলা, ২১ জুলাই : ত্রিপুরা পুলিশের প্রয়াত প্রাক্তন মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরকে মঙ্গলবার মহাকরণে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে তাঁর কফিনবন্দী মরদেহ মহাকরণে আনা হলে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, মুখ্যসচিব জেকে সিনহা, রাজ্য মন্ত্রিসভার প্রায় সকল সদস্য, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। শোকাবহ পরিবেশে উপস্থিত অনেক পুলিশ আধিকারিককে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।  প্রয়াত ডিজিপি-র কফিনের সামনে দাঁড়িয়ে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে ঘটনাটি নিয়ে বিস্তারিত মন্তব্য করার মতো পরিস্থিতি নয়। তিনি জানান, পরিবারের এই অপূরণীয় ক্ষতির সময় তাঁদের পাশে দাঁড়ানোই সবচেয়ে জরুরি। ঈশ্বর যেন পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেন এবং প্রয়াতের আত্মার সদগতি কামনা করেন।

মুখ্যমন্ত্রী জানান, মাত্র দু’দিন আগেও অনুরাগ ধনকরের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তখন তিনি স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন। তাই এই আকস্মিক মৃত্যুর ঘটনায় তিনিও বিস্মিত। তিনি বলেন, “কী কারণে এই ঘটনা ঘটল, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হবে।” তিনি আরও জানান, আইন অনুযায়ী এই ঘটনার প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্তও সেইভাবেই এগিয়ে চলবে।

শেষকৃত্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত প্রাক্তন ডিজিপি-র শেষকৃত্য দিল্লিতে সম্পন্ন হবে। এর আগে আগরতলা থেকে বিমানে তাঁর মরদেহ উড়িষ্যায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।  মরদেহ যথাযথভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য দিল্লিস্থিত ত্রিপুরা ভবনের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রাক্তন ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গোটা রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে দক্ষ, সৎ ও মানবিক পুলিশ আধিকারিক হিসেবে তিনি সহকর্মী ও প্রশাসনিক মহলে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে রাজ্যের প্রশাসন ও পুলিশ মহলে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *