টিটিএএডিসি-র উন্নয়নে সরকার ও পরিষদকে পরস্পরের পরিপূরক আখ্যা মুখ্যমন্ত্রী ডাঃ সাহার

আগরতলা, ১০ নভেম্বর : রাজনীতি, মতপার্থক্য ও বিভেদের ঊর্ধ্বে উঠে ত্রিপুরার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তাঁর স্পষ্ট বার্তা, সরকার এবং ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) একে অপরের পরিপূরক। এক পক্ষকে বাদ দিয়ে অন্য পক্ষের দ্বারা রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অন্যদিকে, রাজনীতির সঙ্গে আর সক্রিয়ভাবে জড়িয়ে থাকতে চান না বলে জানিয়ে দিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তবে রাজনীতি থেকে দূরে সরে গেলেও জনজাতি সমাজের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। একই সঙ্গে তাঁর প্রত্যাশা, আগামী প্রজন্মের জনজাতিরা যেন উন্নয়নের অগ্রযাত্রায় নিজেদের এগিয়ে যেতে দেখতে পারে।

মঙ্গলবার খুমুলুঙে টিটিএএডিসি-র সদর দফতরস্থিত নুয়াই অডিটরিয়ামে পরিষদের নবনিযুক্ত কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি হয়। অনুষ্ঠানে পরিষদের আরও সাতজন নির্বাচিত সদস্য কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন, মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নে টিটিএএডিসি-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখার ক্ষেত্রে পরিষদের দায়িত্ব অপরিসীম। ষষ্ঠ তপশিলের মাধ্যমে রাজ্যের জনজাতিদের বিভিন্ন অধিকার ও সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। জনজাতিদের ভূমি, ভাষা, আত্মমর্যাদা এবং নিজস্ব স্বার্থ সুরক্ষার বিষয়গুলি ষষ্ঠ তপশিলের সাংবিধানিক কাঠামোর মধ্যেই সুরক্ষিত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ষষ্ঠ তপশিলের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এর মাধ্যমে জনজাতি সমাজের সামগ্রিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে। এ ক্ষেত্রে রাজ্য সরকার ও এডিসিকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। তাঁর কথায়, সরকার এবং টিটিএএডিসি একে অপরের পরিপূরক। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না থাকলে রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্য পূরণ করা কঠিন।

তিনি আরও বলেন, উন্নয়নের সুফল রাজ্যের প্রত্যন্ত জনজাতি এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক মতাদর্শ কিংবা পারস্পরিক মতপার্থক্য যেন উন্নয়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। এদিন নবনিযুক্ত কার্যনির্বাহী সদস্যদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, আসুন, আমরা সবাই মিলে নতুন ত্রিপুরা গড়ি, বিকশিত ত্রিপুরা গড়ি। এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করার ক্ষেত্রে যেন কারও মনে কোনও সংশয় না থাকে।

মুখ্যমন্ত্রী স্বীকার করেন, বিভিন্ন সময়ে নানা সমস্যা সামনে আসে এবং সেই সমস্যার সমাধানে বিভিন্ন দাবি-দাওয়াও উত্থাপিত হয়। তবে কোনও দাবি উত্থাপনের আগে সেটি বাস্তবে কতটা সম্ভব, তা বিচার করে দেখা জরুরি। শুধু দাবি জানালেই সমস্যার সমাধান হয় না। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিভেদ ও মতপার্থক্য দূর করার ক্ষেত্রে আলোচনাকেই প্রকৃত পথ বলে অভিহিত করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, পারস্পরিক আলোচনার মধ্যে যেন কোনও ফাঁক বা দূরত্ব না থাকে। আলোচনার মাধ্যমেই ভুল বোঝাবুঝি দূর করে উন্নয়নের পথ প্রশস্ত করতে হবে।

অন্যদিকে, অনুষ্ঠানে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিপ্রা মথার সুপ্রিমো স্পষ্টভাবে জানান, তিনি আর রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকতে চান না। তবে তাঁর এই সিদ্ধান্তকে জনজাতি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার কোনও অবকাশ নেই। রাজনীতিতে সক্রিয় না থাকলেও জনজাতিদের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

প্রদ্যোৎ বলেন, তাঁর স্বপ্ন একটি বিকশিত ও উন্নত ত্রিপুরা। এমন একটি ত্রিপুরা গড়ে উঠুক, যেখানে আগামী প্রজন্মের জনজাতিরা উপলব্ধি করতে পারবে যে তারা উন্নতির পথে এগিয়ে চলেছে। তাদের জীবনযাত্রার মান পরিবর্তিত হচ্ছে এবং ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের চেয়ে বৃহত্তর লক্ষ্য ও উদ্দেশ্যকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনও লক্ষ্য বা দফাকে সামনে রেখে এগিয়ে যেতে গেলে কখনও কখনও নিজেকে কিছুটা পিছিয়ে আসতে হয়। তাঁর বর্তমান সিদ্ধান্তের পেছনেও সেই ভাবনাই কাজ করছে বলে ইঙ্গিত দেন মথা সুপ্রিমো।

তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বললেও জনজাতি সমাজের সঙ্গে তাঁর সম্পর্ক ও ভূমিকা যে অব্যাহত থাকবে, তা এদিনের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন।

এদিকে, শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে জল্পনা শুরু হয়েছে। সাতজন কার্যনির্বাহী সদস্যের শপথ গ্রহণের মধ্যে বিজেপির দুই এমডিসির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা ছিল। পাশাপাশি বিজেপির এমডিসি শৈলেন্দ্র চন্দ্র নাথ পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত এদিন তাঁদের কেউই প্রত্যাশিত দায়িত্বে শপথ গ্রহণ করেননি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, অচিরেই বিজেপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তবে ঠিক কী ধরনের দায়িত্ব দেওয়া হবে কিংবা কবে তা ঘোষণা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যখন দায়িত্ব দেওয়া হবে, তখন সকলেই তা জানতে পারবেন।

মুখ্যমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। বিজেপির দুই এমডিসিকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে, শৈলেন্দ্র চন্দ্র নাথকে ভাইস চেয়ারম্যান করা হবে কি না, তা নিয়ে এখন চর্চা চলছে।

সব মিলিয়ে খুমুলুঙের এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুধু নতুন কার্যনির্বাহী সদস্যদের দায়িত্ব গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। একদিকে মুখ্যমন্ত্রীর ঐক্য ও সমন্বয়ের বার্তা, অন্যদিকে প্রদ্যোৎ কিশোরের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত এবং বিজেপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ঘোষণা—সব মিলিয়ে টিটিএএডিসির আগামী দিনের প্রশাসনিক ও রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *