কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উন্নয়ন ও সুশাসনের বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৯ জুলাই : রাজ্যের উন্নয়ন, সুশাসন (গুড গভর্নেন্স), স্বচ্ছ প্রশাসন এবং জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।  একই সঙ্গে তিনি ছাত্র-ছাত্রীদের নিজেদের প্রতিভা ও সৃজনশীলতাকে বিকশিত করে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

রবিবার রাজধানী আগরতলায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী টাউন হলে বিজেপি-র ৮ টাউন বড়দোয়ালী মণ্ডল কমিটির উদ্যোগে আয়োজিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, বিজেপি-র মণ্ডল নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।  অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী বহু ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ যারা সংবর্ধিত হয়েছে, তাঁরা নিজেদের যোগ্যতা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। সাফল্যের মূল চাবিকাঠি হলো নিজের ভেতরের প্রতিভাকে বিকশিত করা। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই অসীম সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে ছাত্র-ছাত্রীরা শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না, বরং বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, সংস্কৃতি ও উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রেও নিজেদের দক্ষতা বাড়াতে পারবে।  শিক্ষার্থীদের আরও বেশি করে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, কৃষি, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল পরিষেবা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে একাধিক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।  জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, অধ্যবসায় ও ইতিবাচক মানসিকতা সাফল্যের পথ প্রশস্ত করে।

অনুষ্ঠানের শেষপর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, মেয়র দীপক মজুমদারসহ অন্যান্য অতিথিরা কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।  মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।  অভিভাবকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সংবর্ধনা ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফল করার জন্য অনুপ্রাণিত করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *