শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে বিজেপি-র শ্রদ্ধাঞ্জলি
আগরতলা, ২৩ জুন : বিজেপি-র কর্মী-সমর্থকদের পরনিন্দা ও পরচর্চা থেকে দূরে থেকে দলের আদর্শকে ধারণ করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষ্যে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই বার্তা দেন।
মঙ্গলবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস। এ উপলক্ষয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, বিজেপি-র সর্বভারতীয় নেতা তথা সাংসদ ডাঃ সম্বিত পাত্র, রাজ্য প্রভারি ডাঃ রাজদীপ রায়সহ দলের শীর্ষ নেতৃত্ব।
অনুষ্ঠানের শুরুতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ডঃ মুখার্জির জীবন, আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। সেই পরিবারের আদর্শ ও মূল্যবোধকে সামনে রেখে সকল কর্মীকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, দলের আদর্শের ভিত্তিতেই আজ বিজেপি দেশের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় রয়েছে এবং জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক মানচিত্রে বিজেপি-র শক্তিশালী উপস্থিতি স্পষ্ট। এই সাফল্যের পেছনে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মতো মহান চিন্তাবিদ ও সংগঠকদের অবদান অনস্বীকার্য। তাঁদের আত্মত্যাগ, আদর্শ ও দর্শনই দলকে এগিয়ে নিয়ে চলেছে।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “পরনিন্দা ও পরচর্চা থেকে মুক্ত থাকতে হবে। এসব বিষয় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলে দেখা যায়, বিজেপিতে নয়।” তিনি দলের কর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর আদর্শকে জীবনে ধারণ করতে হবে এবং দলের নীতি ও আদর্শ অনুসরণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়ও বক্তব্য রাখেন। তিনি ডঃ মুখার্জির জাতীয়তাবাদী চিন্তাধারা ও দেশের ঐক্য-অখণ্ডতা রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। বক্তারা ডঃ মুখার্জির আত্মত্যাগকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং তাঁর আদর্শকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা এবং আদর্শচর্চার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

