বড়মুড়ায় বিধায়িকার গাড়িতে বোলেরো পিকআপের ধাক্কা, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

 

তেলিয়ামুড়া, ১৫ জুন : অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তেলিয়ামুড়ার বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে ফেরার পথে বড়মুড়া পাহাড় এলাকায় তাঁর গাড়ির সঙ্গে একটি বোলেরো পিকআপ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বড়মুড়া পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি বাঁক নেওয়ার সময় সেটি সজোরে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বহরে থাকা গাড়িতে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

দুর্ঘটনায় বিধায়িকার গাড়ির চালক আহত হন। এছাড়া বিধায়িকা কল্যাণী সাহা রায়, তাঁর দুই নিরাপত্তারক্ষী এবং ব্যক্তিগত সহকারী (সিএ) সামান্য আঘাত পান বলে জানা গেছে। তবে কারও আঘাত গুরুতর নয় এবং সকলেই বর্তমানে নিরাপদে রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং নিরাপত্তারক্ষীরা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর পেয়ে চম্পকনগর আউট পোস্টর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ বোলেরো পিকআপ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের অসাবধানতার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া সহ আশপাশের এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিধায়িকা ও তাঁর সঙ্গে থাকা সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁরা বিপদমুক্ত রয়েছেন বলে নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফিরে আসে সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *