খয়েরপুরে পথ দুর্ঘটনয় পঞ্চায়েত সদস্যের মৃত্যু

আগরতলা, ১১ জুন : খয়েরপুরের দলুরা এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পঞ্চায়েত সদস্য। পেট্রোলবাহী ট্যাঙ্কার ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর জিবিপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম সুদীপ দেবনাথ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন সুদীপ দেবনাথ। তিনি সংশ্লিষ্ট এলাকার একজন পঞ্চায়েত সদস্য ছিলেন। দলুরা এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোলবাহী ট্যাঙ্কার তাঁর স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। দুর্ঘটনায় তাঁর ডান হাত এবং মাথার ডান দিকে গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে রানিরবাজার ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সুদীপ দেবনাথকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রানিরবাজার ফায়ার স্টেশনের জনৈক আধিকারিক জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্যাঙ্কারটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক ট্যাঙ্কারের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এদিকে মৃত্যুর খবর পেয়ে সুদীপ দেবনাথের পরিবারের সদস্যরা জিবিপি হাসপাতালে ছুটে আসেন। হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, মৃত সুদীপ দেবনাথ এলাকার একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *