কুলাইয়ে চলাচলের পথ দখল করে ধান ভাঙানোর কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

আমবাসা, ২৮ নভেম্বর  : জনসাধারণের যাতায়াতের রাস্তা কি ব্যক্তিগত কাজে দখল করে রাখার জায়গা? এই প্রশ্নকে কেন্দ্র করে ধলাই জেলার আমবাসা মহকুমার কুলাই এলাকার বলরাম দেব পাড়ায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তা দখল করে ধানের মেশিন বসিয়ে অবাধে ধান ভাঙানোর কাজ চালিয়ে যাচ্ছেন কয়েকজন। এর ফলে প্রতিদিনের যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, বলরাম দেব পাড়ার যে রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ নিজেদের দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করেন, সেই রাস্তাটির উপরেই বসানো হয়েছে ধান ভাঙানোর মেশিন। রাস্তা ব্যবহার করে চলছে ধান ভাঙানোর কাজ। ফলে রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ওই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকাবাসীর বক্তব্য, জনসাধারণের ব্যবহারের জন্য থাকা রাস্তা কোনওভাবেই ব্যক্তিগত কাজের জায়গা হতে পারে না। নিজেদের প্রয়োজনে কেউ রাস্তা দখল করে রাখলে তার মাশুল দিতে হচ্ছে এলাকার সাধারণ মানুষকে। অথচ জনসাধারণের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প কোনও ব্যবস্থা গ্রহণের উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। জনসাধারণের চলাচলের রাস্তার উপর মেশিন বসিয়ে কাজ করার অনুমতি কে দিল? রাস্তা দখল করে ব্যক্তিগত কাজ চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও নজরদারি নেই কেন? সাধারণ মানুষের চলাচলের অধিকার কি এভাবে উপেক্ষা করা যায়?

এলাকাবাসীর দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখুক। রাস্তার উপর থেকে ধানের মেশিন সরিয়ে জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা হোক। অন্যথায় আগামী দিনে এই ধরনের রাস্তা দখলের প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা।

জনস্বার্থে ব্যবহৃত রাস্তা কোনও ব্যক্তির ব্যক্তিগত কর্মক্ষেত্র হতে পারে না—এই সাধারণ বিষয়টি সংশ্লিষ্টদের বোঝা প্রয়োজন। এখন দেখার, সাধারণ মানুষের দুর্ভোগের এই অভিযোগে প্রশাসন কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *