হাফলং, ২৮ নভেম্বর : বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার হাফলঙে পালিত হল আন্তর্জাতিক বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস। ডিমা হাসাও জেলা শিশু সুরক্ষা ইউনিট (ডিসিপিইউ) এবং অসম সরকারের নারী ও শিশু উন্নয়ন বিভাগের অধীন সংকল্প–ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেনের যৌথ উদ্যোগে কেশব স্মারক ন্যাসের কুম্ভ কুমার হোজাই সভাগৃহে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব কৌশিক কমল বরুয়া, অতিরিক্ত পুলিশ সুপার বিটু বৈশ্য, স্বাস্থ্য পরিষেবার যুগ্ম অধিকর্তা ডা. সরসিং রংফি, জেলা শিশু সুরক্ষা আধিকারিক জিতুল বরুয়া এবং শিশু কল্যাণ সমিতির সদস্য পম্পি লাংথাসা। এ ছাড়াও শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক, এএনএম ও আশা কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি আধিকারিকেরা অংশ নেন।
স্বাগত ভাষণে নারী ক্ষমতায়ন সংক্রান্ত জেলা কেন্দ্রের জেন্ডার স্পেশালিস্ট অ্যানি চোরেই বাল্যবিবাহ প্রতিরোধে কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করেন। বিভিন্ন সরকারি বিভাগের সমন্বয় এবং গ্রামস্তরে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডিমা হাসাওকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব কৌশিক কমল বরুয়া বলেন, আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এই বয়সের আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ। বাল্যবিবাহের আয়োজন বা তাতে সহযোগিতা করলে অভিভাবক, আত্মীয়স্বজন-সহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও আইনি শাস্তির মুখে পড়তে পারেন। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন, ২০০৬ এবং পকসো আইনের কঠোর বিধান সম্পর্কে তিনি উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন। পাশাপাশি বাল্যবিবাহের শিকার শিশু ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থার কথাও জানান।
স্বাস্থ্য পরিষেবার যুগ্ম অধিকর্তা ডা. সরসিং রংফি অল্প বয়সে মাতৃত্বের স্বাস্থ্যগত বিপদের দিকগুলি তুলে ধরেন। কিশোরী অবস্থায় গর্ভধারণের ফলে মা ও শিশুর মৃত্যুঝুঁকি বৃদ্ধি, অপুষ্টি, রক্তাল্পতা এবং দীর্ঘমেয়াদি প্রজননজনিত জটিলতার আশঙ্কা থাকে বলে তিনি জানান।
শিশু কল্যাণ সমিতির সদস্য পম্পি লাংথাসা বলেন, বাল্যবিবাহের ফলে শিশুদের শিক্ষাজীবন ব্যাহত হয় এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। জোরপূর্বক বিয়ের হাত থেকে শিশুদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে সাহায্য করা শিশু কল্যাণ সমিতির অন্যতম দায়িত্ব। এই সামাজিক অপরাধ প্রতিরোধে গ্রামস্তরে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার বিটু বৈশ্য সামাজিক নজরদারি ও সময়মতো প্রশাসনকে খবর দেওয়ার উপর গুরুত্ব দেন। কোনও এলাকায় বাল্যবিবাহের আয়োজনের খবর পাওয়া গেলে অবিলম্বে পুলিশ অথবা শিশু সহায়তা নম্বর ১০৯৮ কিংবা জরুরি পরিষেবা নম্বর ১১২-তে ফোন করার আবেদন জানান তিনি। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন।
শেষে আয়োজিত মতবিনিময় পর্বে বাল্যবিবাহ প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ডিমা হাসাও জেলাকে বাল্যবিবাহমুক্ত করে তোলার লক্ষ্যে এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং প্রশাসনকে অবিলম্বে জানানোর শপথ নেন উপস্থিত সকলে।

