টোটো চুরির অভিযোগে আরামবাগে গ্রেপ্তার দুই, উদ্ধার দুটি টোটো

হুগলি, ২৮ নভেম্বর : টোটো চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। ধৃতদের নাম শেখ জাহির আলী ও কৌশিক পাল। দু’জনেরই বাড়ি আরামবাগ পৌরসভা এলাকায়। ধৃতদের কাছ থেকে দুটি চুরি যাওয়া টোটো উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সালেপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লালুরচক গ্রামের বাসিন্দা প্রদ্যুৎ কুণ্ড নিজের টোটো নিয়ে আরামবাগের লিংক রোড এলাকার একটি বিয়েবাড়িতে এসেছিলেন। বিয়েবাড়ির বাইরে টোটোটি রেখে তিনি ভিতরে যান। সেই সুযোগে তাঁর টোটোটি চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও টোটোর সন্ধান না পেয়ে তিনি আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আরামবাগের পল্লিশ্রী এলাকা থেকে শেখ জাহির আলী ও কৌশিক পাল নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরামবাগের বাসুদেবপুর এবং রামকৃষ্ণ সেতুর নিচ থেকে দুটি টোটো উদ্ধার করে।
পুলিশের এই তৎপরতায় টোটো চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া দুটি টোটোর সঙ্গে চুরির ঘটনার যোগসূত্র খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার অন্যান্য দিকও তদন্ত করে দেখছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *