মুম্বই, ২৮ নভেম্বর : শনি ও রবিবার কল্যাণ-ডোম্বিভলিতে দুই দিনের সফরে থাকবেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সভাপতি রাজ ঠাকরে । এই সফরে দলের স্থানীয় পদাধিকারী, ‘মহারাষ্ট্র সৈনিক’ এবং কর্মীদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক কার্যকলাপের পর্যালোচনা করবেন তিনি । কল্যাণ-ডোম্বিভলি অঞ্চলে দলের সাংগঠনিক অবস্থান এবং পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের নিরিখে তাঁর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেল ৪টায় ডোম্বিভলি পূর্বের দত্তনগর চকের প্রগতি কলেজ হলে দলের পদাধিকারী ও কর্মীদের বৈঠক আয়োজন করা হবে। এরপর রবিবার, সকাল ১০টায় কল্যাণে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস)-র নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি ।
এই বৈঠকগুলিতে মূলত স্থানীয় স্তরে দলের কার্যকলাপ, সাংগঠনিক কাঠামো, কর্মীদের ভূমিকা এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। এর পাশাপাশি, দুই শহরে দলের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করে ভবিষ্যতের সাংগঠনিক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হবে।

