ভিবি-জি-রামজি প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় সুখবর, মাসিক পারিশ্রমিক বাড়ল ৮,০০০ টাকা পর্যন্ত

কলকাতা,২৮ নভেম্বর : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার ‘ভিবি-জি-রামজি’ প্রকল্পের আওতায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় আর্থিক ও সামাজিক সুরক্ষার ঘোষণা করল। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক ৬,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, যা চলতি বছরের ১ নভেম্বর (২০২৬) থেকে কার্যকর হয়েছে। এর পাশাপাশি কর্মীদের জন্য বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি, কাজের বাড়তি নিরাপত্তা এবং একগুচ্ছ উন্নত ছুটির সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের সেবায় নিয়োজিত কর্মীদের পাশে সরকার দৃঢ়ভাবে রয়েছে এবং তাঁদের কাজের মর্যাদা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাব-অ্যাসিস্ট্যান্ট/জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছাড়া এই প্রকল্পের অন্যান্য যোগ্য চুক্তিভিত্তিক কর্মীরা এই নতুন সুবিধাগুলি পাবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কাঠামোর মূল দিকগুলি নিচে দেওয়া হলো:
* মাসিক পারিশ্রমিক বৃদ্ধি: কর্মীদের অভিজ্ঞতা ও বর্তমান বেতনের নিরিখে মাসে ৬,০০০ থেকে ৮,০০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক বাড়ানো হয়েছে। যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫,০০০ টাকার বেশি থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত, তাঁদের ক্ষেত্রে কাজের মেয়াদ ১০ বছরের কম হলে মাসে ৭,০০০ টাকা এবং ১০ বছর বা তার বেশি হলে মাসে ৮,০০০ টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে।
* বার্ষিক ইনক্রিমেন্ট: মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জুলাই থেকে শুরু করে প্রতি বছর কর্মীদের মাসিক পারিশ্রমিকে ৩ শতাংশ হারে বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) মিলবে।
* ৬০ বছর পর্যন্ত কাজের সুরক্ষা: যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী অন্তত ১০ বছর সন্তোষজনকভাবে কাজ করেছেন, তাঁরা নির্ধারিত শর্তাবলি পূরণ সাপেক্ষে ৬০ বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
* উন্নত ছুটির সুবিধা: নতুন নিয়মে কর্মীরা বছরে ৩০ দিনের সাধারণ ছুটি (ক্যাজুয়াল লিভ) এবং ১০ দিনের চিকিৎসাজনিত ছুটি (মেডিক্যাল লিভ) পাবেন। এ ছাড়া মহিলা কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি (ম্যাটারনিটি লিভ) এবং গর্ভপাত বা গর্ভস্রাবের ক্ষেত্রে ৪২ দিনের ছুটির বিশেষ বিধান রাখা হয়েছে।
সমস্ত যোগ্য কর্মীর কাছে যাতে দ্রুত এই বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *