কলকাতা, ২১ নভেম্বর : নদীয়া জেলার শান্তিপুরের ঐতিহ্যবাহী রাসমেলা উপলক্ষে যাত্রী ও পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়েছে যে – আগামী ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৯টি আপ ও ৯টি ডাউন ইএমইউ লোকাল অস্থায়ীভাবে বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে দাঁড়াবে। পাশাপাশি ২৪-২৫, ২৫-২৬, ২৬-২৭ এবং ২৭-২৮ নভেম্বর রাতে শিয়ালদা-শান্তিপুর ও রানাঘাট-শান্তিপুর রুটে এক জোড়া করে বিশেষ লোকাল চালানো হবে।
উল্লেখ্য, শিয়ালদা থেকে বিশেষ লোকাল রাত ৯টা ৬ মিনিটে ছেড়ে শান্তিপুর পৌঁছবে রাত ১১টা ৪০ মিনিটে। অন্য দিকে, শান্তিপুর থেকে রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে শিয়ালদা পৌঁছবে ভোর ৪টে ৪ মিনিটে। ট্রেনগুলি যাত্রা পথে সমস্ত স্টেশনেই দাঁড়াবে।

