দুর্গাপুর, ২১ নভেম্বর : একেই বলে পাকা ধানে মই! নিম্নচাপের জের। বৃষ্টিতে মাঠেই নষ্ট হল পাকা ধান। আর তাতেই মাথায় হাত পড়েছে চাষীদের। লোকসান পূরণ করতে বিকল্প চাষের পথ খুঁজছে শস্যগোলা পূর্ব বর্ধমানের চাষীরা।
প্রসঙ্গত, ধান উৎপাদনে দেশের শীর্ষস্থানে থাকে পুর্ব বর্ধমান। দামোদর উপকুলবর্তী সেচের সুবিধা থাকায় বছরে দু-বার ধান চাষ হয়। এছাড়াও শীতকালিন সরষে, আলু, সব্জি চাষও হয়। চলতিবছর একের পর এক ঘূর্ণি ঝড়ের চোখ রাঙানি থাকলেও বর্ষায় চাষে বৃষ্টি র জলের খামতি ছিল না। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে পুর্ব বর্ধমান জেলায়। বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। বেড়েছে বৃষ্টির পরিমান সাথে দমকা হাওয়া। আবহাওয়া দফতর সুত্রে জানা গেছে,দুদিন পূর্ব বর্ধমানের আউশগ্রাম, মেমারী-১ ও ২ নং ব্লক, ভাতার, গলসী-১ ও ২ নং ব্লক, কেতুগ্রাম, মঙ্গলকোট, জামালপুর, রায়না-১ ও ২ নং ব্লকে, খণ্ডঘোষ বৃষ্টি হয়েছে। আর তাতেই মহা বিপদের মুখে জেলার কৃষকরা। পূর্ব বর্ধমান জেলা বাংলার শস্যভাণ্ডার হিসেবেই পরিচিত।
জেলার গলসী, খন্ডঘোষ, রায়না, মাধবডিহি, জামালপুর এলাকায় এই সময় আমন আর সুগন্ধি ধানে সবুজ হয়ে আছে বিস্তীর্ণ কৃষি জমি। পূর্ব বর্ধমান জেলা কৃষি দফতর সুত্রে জানা গেছে, জেলায় চলতি মরশুমে ৩ লক্ষ ৭৬ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তার মধ্যে প্রায় ৬০ হাজার হেক্টর সুগন্ধী ধান অর্থাৎ গোবিন্দ ভোগ ধান চাষ হয়। আর এই বিপুল পরিমাণ ধান চাষের ওপর কার্যত থাবা বসিয়েছে আকভান। এ যেন পাকা ধানে মই দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রায়না, জামালপুর, খন্ডোঘোষ, গলসী, মেমারী ব্লকের বিস্তীর্ণ ধান জমিতে ঝড়ো হাওয়া আর বৃষ্টির কারণে বিঘার পর বিঘা জমির ধান নুইয়ে পড়ে প্লাবিত হয়েছে। গলসী-১ নং ব্লকের শিড়রাই, পারাজ, লোয়া-রামগোপালপুর, লোয়া কৃষ্ণরামপুর, চাকতেঁতুল, রনডিহা, নষ্করবাঁধ, কসবা মানাচর, সোদপুর মানাচর সহ বেশ কিছু এলাকায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। একই অবস্থা বুদবুদের কুপুই নদীর তীরবর্তী পান্ডুদহ, বেলেডাঙা এলাকায়। জানা গেছে, ওইসব এলাকায় মুলত কম সময়ের উচ্চফলনশীল প্রজাতি ধান চাষ হয়েছিল। ধান কাটার পরই ওই জমিতে আলু চাষ হয়। ধান অনেক জমিতে পাকতে শুরু করেছে। গলসী-১ নং ব্লকের চাষীরা জানান,” এলাকার গোবিন্দভোগ সহ দেশীয় ধান জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই ধান উচ্চতায় অনেকটা লম্বা হয়। এইসময় ধানের ফুল আসে। ঝড়ে মাঠেই নুইয়ে পড়েছে ধান। তার সঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে জলমগ্ন চাষজমি। জমির জল শুকোতে অনেক সময় লাগে, ফলে জমা জল ফসল নষ্ট করে দেবে। গত ২৪ ঘণ্টার লাগাতার বৃষ্টি এই এলাকার ধান চাষের ব্যাপক ক্ষতি করে দিয়েছে। আরও যদি বৃষ্টি হয়, তাহলে ধান চাষ সম্পুর্ন নষ্ট হয়ে পড়বে। তাই চাষীরা খুবই দুশ্চিন্তার মধ্যেই রয়েছে।’
একইরকম ভাবে আলু ও সরষে চাষের জমিতে প্রভাব পড়ছে বলে দুঃশ্চিন্তায় চাষীরা। কৃষকসভার রাজ্য সম্পাদক অমল হালদার বলেন,” রাজ্যজুড়ে চাষীরা দুর্দশার মধ্যে পড়েছে। বিদেশে রফতানি হয় এবং লাভজনক হওয়া পূর্ব বর্ধমানে গোবিন্দভোগ চাষে চাষীদের আগ্রহ বেড়েছে। তার সঙ্গে উচ্চফলনশীল ধানও চাষ হয়। আলু চাষের জমিতে কম সময়ে ধান হওয়া উচ্চফলনশীল স্বর্ণ ধানের চাষ হয়। গোবিন্দভোগ ধানের এখন ফুল আসছিল। স্বর্ণ ধান পাকার মুখে। অনেকে কাটত। এরকমসময় নিম্নচাপে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সব্জি চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে।” আমাদের দাবী, চাষীদের বাঁচাতে সরজমিন তদন্ত করে প্রকৃত চাষীদের দ্রুত ক্ষতিপুরণ দেওয়ার ব্যাবস্থা করুক সরকার।” জেলা কৃষি আধিকারি অমর মন্ডল জানান,” মুলত জেলায় বেশীর ভাগ ব্লকে স্বর্ণ প্রজাতির ধান বেশী চাষ হয়। রায়না ১ ও ২ নং ব্লকে, জামালপুর খন্ডঘোষ, ব্লকে গেবিন্দভোগ চাষ হয়। জেলায় এখনও ১০ শতাংশ ধান জমি থেকে চাষীরা ঘরে তুলেছে। ক্ষয়ক্ষতির পরিমান খতিয়ে দেখা হচ্ছে।”

