প্রয়াত প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরী (লেবুবাবু), শোকের ছায়া মালদার কোতুয়ালি ভবনে

মালদা ও কলকাতা, ২০ নভেম্বর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদার সুজাপুর (সুর্জাপুর) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী ওরফে লেবুবাবু। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরী (বরকত সাহেব)-এর ভাই তথা প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু)-র দাদা আবু নাসের খান চৌধুরী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
এদিন সকালে তাঁর প্রয়াণের খবর মালদার ঐতিহ্যবাহী কোতুয়ালি ভবনে পৌঁছতেই গোটা পরিবার ও অনুগামীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন গনি পরিবারের সদস্য তথা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী এবং প্রাক্তন সাংসদ মৌসম নূর-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রয়াণের আগেই কোতুয়ালি ভবনে নিজের সমাধিস্থল ঠিক করে গিয়েছিলেন আবু নাসের খান চৌধুরী। সাংসদ ইশা খান চৌধুরী জানান, তাঁর জেঠু অর্থাৎ লেবুবাবু মৃত্যুর আগেই কোতুয়ালি ভবনে তাঁর কবরের স্থান নিজেই দেখিয়ে গিয়েছিলেন এবং বাবা-মায়ের পাশেই তাঁকে সমাহিত করার শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন। পরিবারের তরফে প্রবীণ নেতার সেই শেষ ইচ্ছেকে পূর্ণ সম্মান ও শ্রদ্ধা জানিয়ে কোতুয়ালি ভবনের পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের পাশেই তাঁকে কবরস্থ করা হবে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নাসের খান চৌধুরীর প্রয়াণে মালদার রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *