সুমিত রায়ের চারটি মামলায় হাইকোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ

কলকাতা, ২০ নভেম্বর : তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আইনি জটিলতা আরও বেড়ে গেল। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য শালবনী মামলা বাদ দিয়ে বাকি চারটি মামলায় সুমিত রায়ের দায়ের করা রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছেন। অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি তাঁকে ইতিমধ্যেই শালবনী মামলায় গ্রেপ্তার করেছিল, যার পর হেফাজতে থাকাকালীনই পুলিশ আরও চারটি মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখায়।তথ্য অনুযায়ী, সুমিত রায়ের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানায় জমি দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল, যার ভিত্তিতে গত সেপ্টেম্বর মাসে সিআইডি তাঁকে গ্রেপ্তার করে। এছাড়া তাঁর বিরুদ্ধে ডেবরা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও একাধিক মামলা রয়েছে। ডায়মন্ড হারবারের সরিষার আশুতিতে তৃণমূল কার্যালয় থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল, যার তদন্তে ডায়মন্ড হারবার পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়। শালবনী জমি দুর্নীতি মামলা ছাড়া এমন মোট চারটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে।ওই চারটি মামলাতেই আইনি সুরক্ষা বা রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। বৃহস্পতিবার শুনানি চলাকালীন তাঁর আইনজীবী শঙ্করায়ন এবং অয়ন ভট্টাচার্য চারটি মামলায় অন্তর্বর্তী সুরক্ষা দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানান। অন্যদিকে, রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতকে জানান যে, সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই তাঁকে গ্রেপ্তার করা হয়। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি ভট্টাচার্য মন্তব্য করেন যে, এই পর্যায়ে আর সুরক্ষা দেওয়ার কোনো অর্থ নেই এবং তিনি কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেন।উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সুমিত রায়কে গ্রেপ্তার করেছিল। সেদিন সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই সিআইডি আধিকারিকরা বিশাল পুলিশবাহিনী নিয়ে অভিষেকের বাসভবনে পৌঁছন। সেই সময় বাড়িতে মোতায়েন নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও তীব্র বচসাও হয়, যার পর সিআইডি দল ভেতরে ঢুকে সুমিতকে গ্রেপ্তার করে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *