সাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, বুধের পর বৃষ্টি দক্ষিণবঙ্গে

কলকাতা, ১৬ নভেম্বর : বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তা আরও শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলে। প্রত্যক্ষ না হলেও, পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে। বুধবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ নভেম্বর উপকূলের কাছাকাছি, যেমন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। ১৯ থেকে ২১ নভেম্বর মধ্যে উপকূল সংলগ্ন প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *