১৬ নম্বর ওয়ার্ডে পিনাকী চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে মুখ্যমন্ত্রী, সঙ্গে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৬ নভেম্বর : পুর ও নগর নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। আসন্ন পুর ও নগর নির্বাচনকে সেমিফাইনাল হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেছেন, সেমিফাইনাল এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের ফাইনাল—দুটিতেই বিরাট জয় পাবে বিজেপি। সোমবার আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

উল্লেখ্য, আগরতলা পুর নিগমের ১৬ নম্বর ওয়ার্ড এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে রাজনৈতিক মহলের নজর কেড়েছে। ২০২১ সালের পুর নিগম নির্বাচনে এই ওয়ার্ড থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন বর্তমান মেয়র দীপক মজুমদার। সেই সময় সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন প্রয়াত নেতা সুরজিৎ দত্ত। পরবর্তীতে সুরজিৎ দত্তের প্রয়াণে অনুষ্ঠিত উপনির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন দীপক মজুমদার।

তবে এবারের নির্বাচনে দলীয় গঠনতন্ত্র অনুসারে মেয়র দীপক মজুমদার নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁর পরিবর্তে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি দল এলাকার পরিচিত মুখ তথা যুব নেতা পিনাকী চক্রবর্তীকে প্রার্থী করেছে। প্রার্থী পরিবর্তন হলেও ওয়ার্ডটি নিজেদের দখলে রাখতে মরিয়া শাসক দল। সেই লক্ষ্যেই এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

বাড়ি বাড়ি প্রচার চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার বার্তা নিয়েই বিজেপি মানুষের কাছে যাচ্ছে। গত কয়েক বছরে সরকার যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে, তাতে সাধারণ মানুষ সন্তুষ্ট। তাই পুনরায় বিজেপিকে ক্ষমতায় দেখতে চাইছেন তাঁরা। নির্বাচনী প্রচারে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনে প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার কোনও অস্তিত্ব নেই বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বিরোধীদের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি আস্থা ও সমর্থন অটুট রয়েছে। এবারও রাজ্যের সবকটি পুর ও নগর সংস্থায় বিজেপি বিরাট ব্যবধানে জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিন সিপিআইএম-এর বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের আমলে কখনও সুষ্ঠু ও সঠিক নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সেই সময় গণতন্ত্রের কথা বলা হলেও বাস্তবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা হয়নি। অথচ বর্তমানে তারাই রাজ্যে গণতন্ত্র নেই বলে অভিযোগ তুলছে। এই দ্বিচারিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে কটাক্ষ করেন তিনি। জনগণ বিরোধীদের অতীত এবং বর্তমানের রাজনৈতিক অবস্থান সম্পর্কে যথেষ্ট অবগত বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

নির্বাচনী লড়াইয়ের রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি আসন্ন নগর নির্বাচনকে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের সেমিফাইনাল হিসেবে দেখছে। এই সেমিফাইনালে বড় জয়ের পর ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের ফাইনালেও বিজেপি জয়যুক্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এদিন ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। প্রার্থী পিনাকী চক্রবর্তীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ও মেয়র দীপক মজুমদার। সব মিলিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচারে এদিন বিশেষ রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *