কালীপ্রতিমার নিরঞ্জন শোভাযাত্রা থেকে বারাসতে তাপসের বাড়িতে হামলা অভিযোগ

বারাসত, ১৬ নভেম্বর : কালীপ্রতিমার নিরঞ্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বারাসতে। অভিযোগ, নিরঞ্জনের শোভাযাত্রা চলাকালীন বারাসত পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্তর বাড়িতে ব্যাপক ইটবৃষ্টি ও ভাঙচুর চালানো হয়েছে। রবিবার রাত প্রায় ন’টা নাগাদ বারাসতের শ্রীকৃষ্ণপুর শিমূলতলা এলাকায় স্থানীয় একটি ক্লাবের প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়ার সময় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

সোমবার প্রাক্তন উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত অভিযোগ করে জানান, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় থাকা কয়েকজন যুবক আচমকাই লাঠি ও পাথর নিয়ে তাঁর বাড়ি এবং সংলগ্ন তাঁর দাদা ও বোনের বাড়িতে চড়াও হয়। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। হামলাকারীরা বাড়ির প্রধান ফটকও ভাঙচুর করে। রাতের অন্ধকারে আচমকা এই হামলার ঘটনায় পরিবারের বয়স্ক সদস্য ও মহিলারা চরম আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরপরই বারাসত থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন উপ-পুরপ্রধান তথা প্রাক্তন আইএনটিটিইউসি নেতা তাপস দাশগুপ্ত। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে এবং নির্বাচনে পরাজয়ের পর এই নিয়ে দ্বিতীয়বার তাঁর বাড়িতে আক্রমণের ঘটনা ঘটল। তাপস দাশগুপ্তর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। ঠিক কী কারণে এই হামলা চালানো হলো এবং কারা এর নেপথ্যে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণপুর শিমূলতলা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *