গোঘাটে ফের সোনার দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

হুগলি, ১৬ নভেম্বর : গোঘাটে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। কখনও মন্দির, কখনও দোকান, আবার কখনও বাড়ি—পরপর চুরির ঘটনায় ক্রমশ বাড়ছে আতঙ্ক। একের পর এক চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গোঘাটের বাসিন্দারা। এবার দুষ্কৃতীদের নিশানায় হাজিপুরের চড়কতলা সংলগ্ন মার্কেটের একটি সোনার দোকান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। দোকানের মালিক নুর ইসলাম শা জানান, রাতের অন্ধকারে দোকানে ঢুকে সোনার গয়না, রুপোর সামগ্রী এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। তাঁর দাবি, দোকান থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নগদ, ৮ থেকে ১০ গ্রাম সোনা এবং প্রায় ৫০০ গ্রাম রুপো চুরি গিয়েছে। ঘটনার কথা জানার পরই বিষয়টি গোঘাট থানায় জানানো হয়।
খবর পেয়ে রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে এখনও পর্যন্ত চুরির ঘটনায় জড়িতদের কোনও সন্ধান পাওয়া যায়নি। একের পর এক চুরির ঘটনায় গোঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতীদের গ্রেফতার করতে পুলিশের তৎপরতা যথেষ্ট নয়। বিশেষ করে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাতের অন্ধকারে দোকানপাট কতটা সুরক্ষিত, তা নিয়েও উঠছে প্রশ্ন। পরপর চুরির ঘটনায় গোঘাটজুড়ে এখন একটাই প্রশ্ন—কবে বন্ধ হবে চুরির দৌরাত্ম্য, কবে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মধ্যে?

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *