যাত্রাপুরের দুর্গম জঙ্গলে পুলিশের চিরুনি অভিযান, ধ্বংস ২০ হাজার গাঁজা গাছ

সোনামুড়া, ১২ নভেম্বর : অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে সাফল্য পেল পুলিশ ও বন দফতরের যৌথ অভিযানকারী দল। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার যাত্রাপুর ও মেলাঘর থানার সীমান্তবর্তী নেউড়ামুড়ার সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশের এই অভিযানে দুর্গম বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ গাঁজা চাষের একাধিক প্লটের সন্ধান মেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে নেউড়ামুড়ার সংরক্ষিত বনাঞ্চলে বিপুল পরিমাণ গাঁজা চাষের খবর পেয়ে দ্রুত অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। সেই অনুযায়ী বিশাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিয়ে বনাঞ্চলের উদ্দেশে রওনা দেয় যৌথ অভিযানকারী দল। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় অভিযানকারী দলকে যথেষ্ট প্রতিকূলতার মুখে পড়তে হয়। যাত্রাপুর থানা থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ১৮ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে হেঁটে পৌঁছাতে হয় নির্দিষ্ট অভিযানস্থলে।

দীর্ঘ পথ অতিক্রম করে নেউড়ামুড়ার গভীর জঙ্গলে পৌঁছানোর পর অভিযানকারী দলের নজরে আসে গাঁজা চাষের বিস্তীর্ণ ক্ষেত। বনাঞ্চলের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে একাধিক প্লট তৈরি করে সেখানে গাঁজার চাষ করা হচ্ছিল। প্রাথমিকভাবে গোটা এলাকা পরিদর্শন করে চাষের জমিগুলি চিহ্নিত করা হয়। এরপর একে একে সমস্ত প্লটে থাকা গাঁজা গাছ কেটে ধ্বংস করা হয়। অভিযানে প্রায় ২০ হাজার গাঁজা গাছ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক।

এই অভিযানে ওসি পার্থ নাথ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, যাত্রাপুর থানার পুলিশকর্মী, থানায় মোতায়েন থাকা টিএসআর জওয়ান এবং কাঁঠালিয়া বন দফতরের কর্মীরা। পুলিশ ও বন দফতরের সমন্বিত উদ্যোগে দুর্গম বনাঞ্চলে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়।

অভিযান শেষে ওসি পার্থ নাথ ভৌমিক জানান, আরক্ষা দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এই ধরনের অভিযান চালানো হচ্ছে। চলতি মরশুমে যাত্রাপুর থানা এলাকার কোথাও গাঁজার অবৈধ চাষ বরদাস্ত করা হবে না। শুধু সহজে যাতায়াতযোগ্য এলাকাই নয়, প্রয়োজনে আগামী দিনেও দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে চিরুনি তল্লাশি চালিয়ে অবৈধ চাষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দুর্গম বনাঞ্চলকে কাজে লাগিয়ে একাংশ অসাধু চক্র দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজা চাষ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। তবে পুলিশের এই বড়সড় অভিযানে অবৈধ গাঁজা চাষের সঙ্গে যুক্ত মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই তৎপরতা আগামী দিনেও অব্যাহত থাকলে যাত্রাপুর থানা এলাকায় মাদকজাতীয় ফসলের অবৈধ চাষ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *