আগরতলা, ৫ নভেম্বর : আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগুল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের আরও চারটি ওয়ার্ডে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। পাশাপাশি মোহনপুর পুর পরিষদের পাঁচটি ওয়ার্ডেও প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
আগরতলা পুর নিগমের মোট ৫১টি ওয়ার্ডের মধ্যে ৪৫টি ওয়ার্ডে প্রার্থীর নাম আগেই ঘোষণা করেছিল বিজেপি। বাকি ছিল ছয়টি ওয়ার্ড। বৃহস্পতিবার আরও চারটি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা হওয়ায় এখনও দুটি ওয়ার্ডের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। এই দুটি ওয়ার্ডে বিজেপি প্রার্থী দেবে, নাকি শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে, সে বিষয়ে দলের তরফে এখনও স্পষ্ট কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ঘোষিত তালিকা অনুযায়ী, আগরতলা পুর নিগমের ১২ নম্বর ওয়ার্ডে সান্ত্বনা সাহা, ৩৫ নম্বর ওয়ার্ডে সুকান্ত চক্রবর্তী, ৪১ নম্বর ওয়ার্ডে লক্ষ্মী সিং এবং ৪৫ নম্বর ওয়ার্ডে অপু আঢ্য দত্তকে প্রার্থী করেছে বিজেপি। তালিকায় দুটি নতুন মুখকে স্থান দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রার্থী তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ৪১ নম্বর ওয়ার্ডে। আগে এই ওয়ার্ডে অভিজিৎ ঘোষের নাম ঘোষণা করা হলেও নতুন তালিকায় তাঁর পরিবর্তে লক্ষ্মী সিংকে প্রার্থী করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ১২, ৪১ ও ৪৫ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। অন্যদিকে, ৩৫ নম্বর ওয়ার্ডটি অসংরক্ষিত। ফলে সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই সংশ্লিষ্ট ওয়ার্ডগুলিতে প্রার্থী চূড়ান্ত করেছে দল।
এদিকে, মোহনপুর পুর পরিষদের আরও পাঁচটি ওয়ার্ডে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রকাশিত তালিকা অনুযায়ী, ৩ নম্বর ওয়ার্ডে কার্তিক আচার্যী, ৪ নম্বর ওয়ার্ডে অনিতা দেবনাথ, ৭ নম্বর ওয়ার্ডে পুষ্পা রানি দেব, ১২ নম্বর ওয়ার্ডে পূর্ণিমা দাস এবং ১৪ নম্বর ওয়ার্ডে নির্মল সরকারকে প্রার্থী করা হয়েছে। এর মধ্যে ১৪ নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।
পুর নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণা ও প্রচার প্রস্তুতি ক্রমশ জোরদার হচ্ছে। আগরতলা পুর নিগমের বাকি দুটি ওয়ার্ডে বিজেপির প্রার্থী ঘোষণা এবং অন্যান্য পুর এলাকায় দলগুলির প্রার্থী তালিকা প্রকাশের দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

