আগরতলা, ২ সেপ্টেম্বর : টিটিএএডিসি-র ভিলেজ কমিটির নির্বাচনে তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে জল্পনা চললেও বুধবার পর্যন্ত সেই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারল না বিজেপি। বরং বুধবার প্রদেশ বিজেপি-র গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের পর দলের বক্তব্যে আপাতত ভিলেজ কমিটি-র নির্বাচনে ‘একলা চলো’র প্রস্তুতিরই ইঙ্গিত মিলেছে। ফলে তিপ্রা মথার সঙ্গে বিজেপি-র নির্বাচনি সমঝোতা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ল।
ভিলেজ কমিটি-র নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ, নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়-সহ দলের শীর্ষ নেতৃত্ব। দীর্ঘক্ষণ ধরে চলা এই বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন ছাড়াও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং কার্যকর্তা নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার কাছে তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনও স্পষ্ট বার্তা দেননি। মুখ্যমন্ত্রী জানান, আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়, আগামী দিনে দল কীভাবে এগিয়ে যাবে এবং সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিশেষভাবে উঠে আসে বিজেপি-র ‘পার্টি উইথ ডিফারেন্স’ ভাবমূর্তিকে আরও শক্তিশালী করার বিষয়টি। দলের সাংগঠনিক ভিত মজবুত করা এবং কার্যকর্তা নির্মাণের উপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় বলেন, দীর্ঘদিন পর ভিলেজ কমিটি-র নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বিজেপি স্বাগত জানিয়েছে। তিনি জানান, ভিলেজ কমিটি-র সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল প্রস্তুত রয়েছে।
তবে তিপ্রা মথার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে সরাসরি কোনও অবস্থান স্পষ্ট করেননি প্রদেশ বিজেপি সভাপতি। তিনি জানান, নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে দিল্লির নেতৃত্ব আলোচনা করছেন। সেই আলোচনা থেকে যে সিদ্ধান্ত বা নির্দেশনা আসবে, তার ভিত্তিতেই রাজ্য বিজেপি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এর মধ্যেই বিজেপি-র বৈঠক চলাকালীন সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জনজাতিদের ভূমির অধিকার নিশ্চিত না করা হলে কোনও ধরনের জোটে যাওয়া হবে না বলে কার্যত স্পষ্ট করে দেন তিনি। তাঁর এই বক্তব্যকে ঘিরে বিজেপি-তিপ্রা মথা সম্ভাব্য নির্বাচনি সমঝোতা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে আসন সমঝোতার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায় দুই দলের ভোট সমীকরণ এবং সাংগঠনিক অবস্থানকে বিবেচনায় রেখে জোট হলে তা নির্বাচনি ফলাফলে প্রভাব ফেলতে পারে। কিন্তু তিপ্রা মথার পক্ষ থেকে ভূমির অধিকারের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুকে জোটের পূর্বশর্ত হিসেবে সামনে আনা এবং বিজেপি-র পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা না করায় সমঝোতার পথ ক্রমেই কঠিন হচ্ছে।
বুধবারের বৈঠকের পর বিজেপি সব আসনে লড়াইয়ের প্রস্তুতির কথা বলায় আপাতত দলটি একক শক্তিতে নির্বাচনে নামার রণকৌশল নিয়েই এগুচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তবে দিল্লির নেতৃত্বের সঙ্গে আলোচনা এখনও চলছে বলে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে ইঙ্গিত মেলায় শেষ মুহূর্তে সমীকরণ বদলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।
ফলে একদিকে বিজেপি-র সাংগঠনিক বৈঠক, অন্যদিকে প্রদ্যোৎ কিশোরের ‘ভূমির অধিকার না হলে জোট নয়’ বার্তা—এই দুই ঘটনায় ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। শেষ পর্যন্ত বিজেপি এককভাবে লড়াই করবে, নাকি তিপ্রা মথার সঙ্গে কোনও সমঝোতার পথে যাবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

