আগরতলা, ১২ জুলাই : মনশ্রীর পর এবার রাজ্যে আরও এক শিশু স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। ধলাই জেলার কমলপুরের মানিক ভান্ডারের ছোট্ট ঈশিতার চিকিৎসার জন্য রাজ্যবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি আশ্বাস দিয়েছেন, শিশুটির চিকিৎসার বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগী হবেন এবং সোমবার থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
রবিবার ঈশিতাকে নিয়ে তাঁর মা প্রতিমা ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। শিশুকন্যার পরিবারের আর্থিক সামর্থ্যের বাইরে চলে যাওয়া এই ব্যয়বহুল চিকিৎসার বিষয়টি শুনে পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমা ভৌমিক জানান, সোমবার তিনি জিবিপি হাসপাতালের নিউরোলজিস্ট চিকিৎসক আবীর লাল নাথ, ডাঃ অর্পণ মিত্র এবং শিশু বিশেষজ্ঞ ডাঃ সঞ্জীব দেববর্মার সঙ্গে ঈশিতার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বিশেষ করে শিশুটির ডায়াগনোসিস, চিকিৎসার ধাপ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ নেবেন বলেও জানান তিনি।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোমবার থেকেই ঈশিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে মনশ্রীর মতো ঈশিতার জীবন বাঁচাতেও রাজ্যবাসীর কাছে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিমা ভৌমিক আরও বলেন, এসএমএ আক্রান্ত মনশ্রীর চিকিৎসার জন্য যেভাবে ত্রিপুরার মানুষ দলমত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তা গোটা দেশের কাছে এক বিরল মানবিকতার নজির হয়ে উঠেছে। ছোট্ট একটি রাজ্য হয়েও ত্রিপুরাবাসী যে সহমর্মিতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।
তিনি আশা ব্যক্ত করে বলেন, মনশ্রীর মতোই ঈশিতার জন্যও রাজ্যের মানুষ এগিয়ে আসবেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুটির চিকিৎসার পথ সুগম হবে। মানবিকতার এই বন্ধনই আবারও একটি শিশুর জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

