মোহনপুর, ১ জুলাই : কয়েক মাস ধরে সামাজিক ভাতা না পাওয়ার অভিযোগে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা আরডি ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন টিটিএএডিসি এলাকার জনজাতি ভাতা প্রাপকরা। পরে তাঁরা বিডিও-র কাছে তিন দফা দাবিসম্বলিত একটি ডেপুটেশন জমা দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি বছরের মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত সামাজিক ভাতার টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে প্রবীণ, বিধবা, প্রতিবন্ধী-সহ ভাতা নির্ভর অসংখ্য পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে বকেয়া ভাতা একসঙ্গে পরিশোধ করার দাবি জানান তাঁরা।
এদিন সকাল থেকেই হেজামারা আরডি ব্লকের অধীন ২১টি টিটিএএডিসি ভিলেজের বহু জনজাতি ভাতা প্রাপক ব্লক কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা ব্লকের প্রধান প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক এবং সিধাই থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
ডেপুটেশনে বিক্ষোভকারীরা তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। প্রথমত, মার্চ থেকে জুন মাস পর্যন্ত বকেয়া সামাজিক ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। দ্বিতীয়ত, প্রতি মাসের ১ তারিখেই যাতে নিয়মিতভাবে সামাজিক ভাতার টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা পড়ে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রত্যেক সুবিধাভোগীকে তাঁদের আইডির ভিত্তিতে একটি স্মার্ট কার্ড প্রদান করতে হবে, যাতে রাজ্যের যেকোনও স্থান থেকে সহজেই ভাতার টাকা উত্তোলন করা যায়।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট দফতরের নজরে আনা হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তাঁদের দাবি, হেজামারা আইসিডিএস দফতরের সিডিপিও এবং ব্লক প্রশাসন দ্রুত বিষয়টির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় এমডিসি রবীন্দ্র দেববর্মা। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবিগুলি প্রশাসনের কাছে যথাযথভাবে উপস্থাপনের আশ্বাস দেন। তাঁর উপস্থিতিতেই বিক্ষোভকারীরা বিডিও-র উদ্দেশে দাবিসনদ সম্বলিত ডেপুটেশন জমা দেন।
প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে দ্রুত বকেয়া ভাতা পরিশোধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

