বিশ্রামগঞ্জ, ২৪ জুন : নিট প্রশ্নপত্র ফাঁস, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান কর্মসংস্থানের সংকটের প্রতিবাদে বুধবার সিপাহীজলা জেলার চড়িলাম বাজারে মিছিল ও সভার আয়োজন করল কংগ্রেস। কংগ্রেসের বিশালগড় অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশে ও রাজ্যে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা ক্রমশ কঠিন হয়ে উঠছে। একদিকে খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি মানুষের সংসারে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, অন্যদিকে কর্মসংস্থানের অভাবে যুবসমাজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বুধবার প্রশাসনের অনুমতি নিয়ে চড়িলাম বাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও বাণিজ্যিক এলাকা পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে সরব হন।
মিছিল শেষে বিশালগড়-বিশ্রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত কংগ্রেস কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দাবি করেন, বাজারে প্রশাসনিক নজরদারির অভাবের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও দিনমজুর পরিবারের ওপর। তাঁরা অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
সভায় উপস্থিত ছিলেন চড়িলাম জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ছাত্র নেতা আমির হোসেন, চড়িলাম ব্লক কংগ্রেস সভাপতি তারা মিয়া-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী দিনেও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

