পুণে, ২৬ নভেম্বর: মহারাষ্ট্রের পুণেতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পড়ুয়া এবং গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। বুধবার পুণের ইয়েওয়ালেওয়াড়ি এলাকায় ট্রিনিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ-এর ঠিক বাইরে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি দ্রুতগতির বেপরোয়া ট্রাক প্রথমে একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ চত্বরের বাইরে বাসস্ট্যান্ডে অপেক্ষারত পড়ুয়াদের ওপর উঠে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই দুই পড়ুয়ার মৃত্যু হয় এবং আরও দু’জন গুরুতর আহত হন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং আহত পড়ুয়াদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘাতক ট্রাকটির চালককে আটক করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুনে পুলিশ।

