রিয়াদের আর্থিক জেলায় হামলার নিন্দা ভারতের, জখম দুই ভারতীয়

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় একটি ভবনে হামলার ঘটনায় কড়া নিন্দা জানাল ভারত। এই হামলায় দুই ভারতীয় নাগরিক জখম হয়েছেন বলে বুধবার জানিয়েছে বিদেশ মন্ত্রক। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস আহতদের এবং তাঁদের পরিবারের পাশে রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ২৪ নভেম্বর রিয়াদের আর্থিক জেলার একটি ভবনে হামলার পাশাপাশি সৌদি আরবের নাগরিক, অর্থনৈতিক ও জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে ভারত।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, রিয়াদের আর্থিক জেলায় হামলার ঘটনায় দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে। আহতদের পরিবারের সদস্যদেরও সবরকম সহযোগিতা করা হচ্ছে।
ভারতের বক্তব্য, এ ধরনের হামলায় সাধারণ মানুষের জীবন গুরুতর বিপদের মুখে পড়ে। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘিত হওয়ার পাশাপাশি গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাও বিঘ্নিত হয়। এই ধরনের আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
বিবৃতিতে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি ভারতের দৃঢ় সংহতির কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সে দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানানো হয়েছে।
পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে ভারত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *