জুনাগড়, ২৩ নভেম্বর : গুজরাটের জুনাগড় জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় গাড়ির ভেতরে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন তিনজন। রবিবার ভোররাতে কেশোদ-বালাগাম সড়কের খামিদানা গ্রামের কাছে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন এবং পরিস্থিতির তদারকি করেন। দুর্ঘটনার বিবরণ দিয়ে কেশোদ থানার পুলিশ ইনস্পেক্টর এম. ডি. চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, “রবিবার ভোর আনুমানিক ৫টা নাগাদ কেশোদ-বালাগাম সড়কের খামিদানা গ্রামের কাছে অতিরিক্ত গতির কারণে একটি লাল রঙের গাড়ি বাঁক নিতে ব্যর্থ হয়ে উল্টে যায়। এর ফলে গাড়িটি রাস্তার ধারের একটি পাথরে সজোরে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে সেটিতে আগুন ধরে যায়। গাড়িটিতে মোট চারজন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। কৃষ্ণাবেন নামে অপর এক যাত্রী গুরুতর আহত অবস্থায় বর্তমানে কেশোদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে গাড়িটিতে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল এবং মৃতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

