পাটনায় গঙ্গাপাড়ে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ ইটভাটা ও নির্মাণ

পাটনা, ২৩ নভেম্বর : সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে সোমবার বিহারের পাটনা সিটিতে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় বড়সড় জবরদখল উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। পাটনা সিটির মালসালামি থানা এলাকার অন্তর্গত গঙ্গার প্লাবনভূমি ও তীরবর্তী জমিতে গড়ে ওঠা একাধিক অবৈধ ইটভাটা এবং বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
অভিযানের তদারকি প্রসঙ্গে পাটনা ইস্টের পুলিশ সুপার শৈলজা জানান, “এটি পাটনা সিটির মালসালামি থানার অন্তর্গত এলাকা। সুপ্রিম কোর্টের একটি নির্দেশ কার্যকর করতে আমরা এই জবরদখল উচ্ছেদ অভিযান চালাচ্ছি। ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথভাবে পালনের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনেই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে।”
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, “এখনও পর্যন্ত কোনও ধরনের প্রতিরোধ বা বাধার সৃষ্টি হয়নি। তা সত্ত্বেও আমরা পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন রেখেছি এবং সবরকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছি।” উল্লেখ্য, গঙ্গা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে পাটনার নওজর ঘাট থেকে নূরপুর ঘাট পর্যন্ত গঙ্গার প্লাবনভূমিতে থাকা সমস্ত বেআইনি দখলদারি ও অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য বিহার সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতেই জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *