ডিগ্রি কেবল প্রথম সুযোগের দরজা খুলে দেবে, বার্তা রাজনাথ সিংয়ের

লখনউ, ২৩ নভেম্বর : কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অভাবনীয় অগ্রগতির যুগে তরুণ প্রজন্মকে কেবল ডিগ্রির ওপর নির্ভর না করে নিজেদের দক্ষতা ও শেখার মানসিকতা বাড়ানোর পরামর্শ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার উত্তর প্রদেশের লখনউয়ে বাবু বেনারসি দাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পড়ুয়াদের উদ্দেশে এই গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।
বর্তমান সময়ে প্রযুক্তির প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা তুলে ধরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এআই বর্তমানে অসাধারণ এবং প্রায় জাদুকরী কাজ করছে। অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা হোক, জটিল বিষয় বোঝা হোক কিংবা গবেষণা পরিচালনা করা হোক— সর্বত্রই এখন এআই-এর বহুল ব্যবহার হচ্ছে। যে কাজগুলি করতে একসময় ঘণ্টার পর ঘণ্টা সময় লাগত, তা এখন মাত্র কয়েক মিনিট বা এমনকী কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আমি বিশ্বাস করি যে ঠিক যেভাবে এই প্রযুক্তি উঠে এসেছে, ভবিষ্যতেও এমন আরও নতুন নতুন উদ্ভাবন আসতে থাকবে। নতুন সুযোগ তৈরি হবে এবং নতুন দক্ষতার চাহিদা ক্রমশ বৃদ্ধি পাবে।”
পেশাগত জীবনে পা রাখতে চলা স্নাতকদের উদ্দেশে বাস্তবমুখী পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “আপনারা যখন পেশাদার জগতে পা রাখবেন, তখন আপনাদের ডিগ্রি প্রথম সুযোগটি পেতে সাহায্য করবে। তবে আমি জোর দিয়ে বলতে চাই যে, আপনার ডিগ্রি হয়তো সেই প্রাথমিক দরজাটি খুলে দেবে, কিন্তু এরপর আপনার পরিচয় নির্ধারিত হবে আপনার দক্ষতার মাধ্যমে। আপনার প্রকৃত সক্ষমতা মূল্যায়িত হবে আপনার শেখার ক্ষমতা, পেশাদার জ্ঞান এবং পেশাগত যোগ্যতার ওপর ভিত্তি করে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *