মুজফফরনগরে প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মুজফফরনগর, ২১ নভেম্বর : উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার কুকরা ব্লক ক্রসিংয়ের কাছে একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে গুদামটি ভস্মীভূত হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন করা হয়। মুখ্য দমকল আধিকারিক অনুরাগ কুমার জানিয়েছেন, “আমরা কুকরা চকের কাছে অগ্নিকাণ্ডের খবর পাই। খবর পাওয়া মাত্রই দমকলের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে দেখা যায়, একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। ওই গুদামের ঠিক উল্টোদিকেই একটি ব্যাঙ্কোয়েট হল রয়েছে, যেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, সকালে বিদায় অনুষ্ঠানের সময় সেখানে বাজি ফাটানো হচ্ছিল। সেই বাজির আগুনের ফুলকি উড়ে এসে গুদামে পড়ে, আর তা থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
প্লাস্টিক সামগ্রী মজুত থাকায় আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের ৮টি ইঞ্জিন ও কাগজ কলের ৩টি গাড়ির দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, চোখের সামনে গোটা গুদাম পুড়ে ছাই হতে দেখে গুদামের মালিক অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *