আগরতলা, ২০ নভেম্বর : একদিকে শাসক দল বিজেপি ও তিপ্রা মথার সাংগঠনিক শক্তি, অন্যদিকে এক নির্ভীক জনজাতি মহিলা প্রার্থীর একক লড়াই। রাজনৈতিক শক্তির এই অসম লড়াইকে কেন্দ্র করেই আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনে বিশেষ নজর কেড়েছে ১৯ নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছেন নির্দল প্রার্থী পূরবী দেববর্মা। শাসক শিবিরের প্রভাবশালী নেতা-নেত্রীদের প্রচার, দলীয় সাংগঠনিক শক্তি কিংবা প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতি—কোনও কিছুতেই দমে যেতে নারাজ তিনি। বাঘ প্রতীককে হাতিয়ার করে কার্যত একাই বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের মন জয়ের লড়াই চালিয়ে যাচ্ছেন এই প্রতিবাদী মহিলা।
আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ড এবার রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনজাতি মহিলা পূরবী দেববর্মা। জানা গেছে, একসময় তিনি তিপ্রা মথা দলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এবার নির্বাচনী ময়দানে নেমেছেন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ, এই ওয়ার্ডে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা বর্তমান পৌর নিগমের কর্পোরেটর ভাস্বতী দেববর্মা। ফলে একদিকে শাসক দলের প্রার্থী, অন্যদিকে নির্দল হিসেবে প্রাক্তন তিপ্রা মথা কর্মীর লড়াই—সব মিলিয়ে ১৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমীকরণ ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পূরবী দেববর্মার বিরুদ্ধে প্রচারে নেমেছেন বিজেপি ও তিপ্রা মথার একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। দুই শাসক শিবিরের সাংগঠনিক শক্তি ও প্রচারের বহর একদিকে, আর অন্যদিকে প্রায় একক উদ্যোগে নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন পূরবী দেববর্মা। নেই বড় কোনও প্রচার বাহিনী, নেই ফ্ল্যাগ কিংবা ফেস্টুনের জাঁকজমক। হাতে কেবল কয়েকটি লিফলেট। সেই লিফলেট নিয়েই এলাকার একের পর এক বাড়িতে পৌঁছে যাচ্ছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে নিজের বক্তব্য তুলে ধরছেন এবং ভোট প্রার্থনা করছেন।
শুক্রবার প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাকেও উপেক্ষা করে ১৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর বাটখারা অফিস সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান পূরবী দেববর্মা। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সাধারণ মানুষের কথা বলার লক্ষ্য নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকার মানুষের সমস্যা ও দাবি-দাওয়াকে গুরুত্ব দেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোই তাঁর মূল উদ্দেশ্য। নির্বাচনে জয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী পূরবী দেববর্মা তাঁর দাবি, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পাচ্ছেন। তিনি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচনে তাঁর প্রতীক চিহ্ন বাঘ। সেই প্রতীককে সামনে রেখেই কোনও বড়সড় প্রচারসজ্জা ছাড়াই ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ১৯ নম্বর ওয়ার্ডে পূরবী দেববর্মার এই একক লড়াই নিছক একজন নির্দল প্রার্থীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং শাসক শিবিরের সাংগঠনিক শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী অবস্থান হিসেবেও বিবেচিত হচ্ছে। বিশেষ করে এই ওয়ার্ডে জনজাতি ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় নির্বাচনের ফলাফল কোন দিকে গড়ায়, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা সাড়ে চার হাজারের কিছু বেশি। তাঁদের মধ্যে অধিকাংশই জনজাতি সম্প্রদায়ের।
সব মিলিয়ে ১৯ নম্বর ওয়ার্ডে এবারের লড়াই যে সহজ হবে না, তা ইতিমধ্যেই স্পষ্ট। একদিকে দলীয় শক্তি ও হেভিওয়েট নেতাদের প্রচার, অন্যদিকে সীমিত প্রচারসামগ্রী নিয়ে পূরবী দেববর্মার নিরন্তর জনসংযোগ। শেষ পর্যন্ত ভোটাররা কার পাশে দাঁড়ান, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। বাঘ প্রতীকের গর্জন কি শাসক শিবিরের শক্তিকে টেক্কা দিতে পারবে, নাকি শেষ হাসি হাসবেন বিজেপি প্রার্থী—এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

