ইন্দিরার অবদান আজও প্রাসঙ্গিক, জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাল কংগ্রেস

আগরতলা, ১৯ নভেম্বর : দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ভারতরত্ন প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার এই উপলক্ষ্যে আগরতলায় কংগ্রেস ভবনে আয়োজিত হয় বিশেষ কর্মসূচি। অনুষ্ঠানে জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়।

এদিন কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্তমান কংগ্রেস বিধায়ক গোপালমচন্দ্র রায়। অন্যদিকে, দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, শাখা সংগঠনের প্রতিনিধিরা এবং কংগ্রেস কর্মী-সমর্থক।

জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন দলীয় নেতৃত্ব। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অবদান শুধু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বেও তাঁর ভূমিকা আজও সমানভাবে প্রাসঙ্গিক। দেশের রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর নেতৃত্ব এবং কর্মকাণ্ড ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী যে দৃঢ় নেতৃত্বের পরিচয় দিয়েছিলেন, তা আজও স্মরণীয়। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, সাহসী সিদ্ধান্ত এবং দেশ পরিচালনায় ভূমিকা আগামী প্রজন্মের কাছেও আলোচনার বিষয় হয়ে থাকবে।

উল্লেখ্য, শুধু রাজধানী আগরতলাতেই নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাতেও কংগ্রেসের উদ্যোগে প্রয়াত নেত্রীর জন্মবার্ষিকী পালন করা হয়। বিভিন্ন জায়গায় দলীয় কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ইন্দিরা গান্ধীর আদর্শ ও অবদানের কথা স্মরণ করে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *