পশ্চিমবঙ্গে খনিজ ও পরমাণু শক্তি ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা, শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকে অস্ট্রেলীয় হাই কমিশনার

কলকাতা, ১৮ নভেম্বর : পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্পের নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ফিলিপ গ্রিন। খনিজ শিল্প থেকে পরমাণু শক্তি—একাধিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী মাসে ভারতের বৃহত্তম খনি সম্মেলন ‘আইএমই’-তে অস্ট্রেলিয়ার ৫০টিরও বেশি সংস্থার প্রতিনিধিদল যোগ দেবে বলেও জানিয়েছেন হাই কমিশনার।
বৈঠকের পর ফিলিপ গ্রিন জানান, অস্ট্রেলিয়ার ব্যবসায়ী মহলের কাছে পশ্চিমবঙ্গের নতুন শিল্প ও বিনিয়োগের সুযোগ তুলে ধরবেন তিনি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং রাজ্য সরকারের সহযোগিতায় এখানে ব্যবসার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। সেই সম্ভাবনার কথা অস্ট্রেলিয়ার শিল্পমহলকে জানাতে চান তিনি।
খনি শিল্পে সহযোগিতার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। আগামী মাসে আয়োজিত আইএমই খনি সম্মেলনে অস্ট্রেলিয়া এ বার তাদের সবচেয়ে বড় প্রতিনিধিদল পাঠাতে চলেছে। ৫০টিরও বেশি সংস্থা এই সম্মেলনে অংশ নেবে বলে জানিয়েছেন গ্রিন। খনি পরিচালনা ও সংশ্লিষ্ট যে ক্ষেত্রগুলিতে পশ্চিমবঙ্গ সরকার আগ্রহী, সেখানে অস্ট্রেলীয় সংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
আলোচনায় উঠে এসেছে পরমাণু শক্তির প্রসঙ্গও। ফিলিপ গ্রিন জানান, ভারতকে ইউরেনিয়াম বিক্রির ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সামনে এখন পথ খুলেছে। ভবিষ্যতে পশ্চিমবঙ্গে যদি পরমাণু বিদ্যুৎকেন্দ্র গড়ে ওঠে, তা হলে এই ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে রাজ্যে এমন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কোনও সিদ্ধান্ত বা প্রকল্পের কথা তিনি জানাননি; বিষয়টি সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবেই আলোচনায় এসেছে।
বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করে অস্ট্রেলীয় হাই কমিশনার জানান, ব্যবসা ও বিনিয়োগের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের শিল্পক্ষেত্রে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির আগ্রহ বাড়ানো এবং সম্ভাব্য প্রকল্পে যোগাযোগের সেতু তৈরি করাই এই আলোচনার অন্যতম লক্ষ্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *